বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঁইয়া দাবি করেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) অনীহার কারণে তাঁকে গতকাল মঙ্গলবার চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। সাকা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তাঁকে চিকিৎসা না দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিএসএমএমইউতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।বিএসএমএমইউর পরিচালক বলেন, ‘গতকাল বেলা আড়াইটার দিকে সাকা চৌধুরীকে প্রথমে বিএসএমএমইউর সি-ব্লকে আনা হয়। এরপর আরপি জেনারেল কক্ষে নেওয়া হয়। এ সময় একজন আবাসিক চিকিৎসকসহ তিনজন চিকিৎসক তাঁর পরীক্ষা-নিরীক্ষা করতে চান। কিন্তু তিনি বলেন, “আমার কোনো শারীরিক সমস্যা নেই। আমার চিকিৎসার দরকার নেই।” চিকিৎসকেরা তখন তাঁকে ল্যাবরেটরি পরীক্ষা করার প্রস্তাব দেন। কিন্তু তিনি তা করতেও অস্বীকার করেন। এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি অন্য অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেবেন কি না। কিন্তু তখনো তিনি বলেন, “আমার কোনো শারীরিক সমস্যা নেই। আমার হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই।” তিনবার তাঁকে চিকিৎসাসংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। তিনবারই তিনি না করেন।’অপর এক প্রশ্নের জবাবে আবদুল মজিদ ভূঁইয়া বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছিল। আমরাও চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তিনি না করায় চিকিৎসা দেওয়া যায়নি। অনীহা প্রকাশ করলে তো কারও ওপর চিকিৎসা চাপিয়ে দেওয়া যায় না।’জেল সুপারের পাঠানো চিঠিতে কী বলা হয়েছিল, জানতে চাইলে বিএসএমএমইউর পরিচালক বলেন, সাকা চৌধুরীর উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়েছে। চিঠিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউ বা বারডেমের যেকোনোটিতে সাকা চৌধুরীর চিকিৎসা করানোর কথা বলা হয়েছিল। বিএসএমএমইউতে নিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, এখানে প্রিজন সেল আছে বলেই হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে এখানে নিয়ে এসেছিল। অতীতে অনেক রাজনৈতিক নেতা এখানে থেকে চিকিৎসা নিয়েছেন।