সাকা চৌধুরীর ইঙ্গিতে নূতন চন্দ্রকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন বাংলা একাডেমীর সভাপতি ও শিক্ষাবিদ আনিসুজ্জামান। জবানবন্দিতে তিনি বলেন, প্রফুল্ল রঞ্জন সিংহ তাঁকে বলেছেন, তাঁর বাবা নূতন চন্দ্র সিংহকে পাকিস্তানি সেনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ইঙ্গিতে গুলি করে হত্যা করে।অধ্যাপক আনিসুজ্জামান এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি বেলা ১১টার দিকে জবানবন্দি দেওয়া শুরু করেন। তিনি প্রায় এক ঘণ্টা জবানবন্দি দেন। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।আনিসুজ্জামান জবানবন্দির শুরুতে তাঁর জন্ম, শিক্ষাজীবন ও কর্মজীবন তুলে ধরেন। পরে তিনি বলেন, তিনি ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিডার (বর্তমানে সহযোগী অধ্যাপক) পদে যোগ দেন। ১৯৭২ সালে অধ্যাপক হন। তিনি বলেন, ‘একাত্তরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলাম। ২৫ মার্চ রাতে যখন পাকিস্তানি সেনারা নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ চালায়, তখন আমরা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আমরা যখন অনুভব করি প্রতিরোধ দুর্বল হয়ে গেছে, তখন বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার সব পরিবারকে পরিকল্পিতভাবে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কয়েকটি পরিবার কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করে, সংখ্যায় তারা প্রায় ৫০ জন, তার মধ্যে আমার স্ত্রী, ছয় ও দেড় বছর বয়সী দুই কন্যা ছিল। তাদের কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পরিবার, রেজিস্ট্রার ও আমি আরও দুই রাত ক্যাম্পাসে অবস্থান করি। ১ এপ্রিল আমি কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ে আমার পরিবার ও অন্যদের সঙ্গে মিলিত হই। ২ এপ্রিল সেখান থেকে পরিবার নিয়ে হাটহাজারী থানার কাঠিরহাট গ্রামে আশ্রয় নিই। ১০ এপ্রিল সেখান থেকে রামগড়ে যাই। আমার বন্ধুর বড় ভাই রামগড় টি এস্টেটের ম্যানেজার আবদুল আউয়ালের বাড়িতে আশ্রয় নিই। আমি যখন কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ে যাই, তখন সেখানে কুণ্ডেশ্বরী ঔষধালয় ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ সপরিবারে বাস করছিলেন; তাঁর স্ত্রী, দুই পুত্র, তাঁদের পরিবার সেখানে ছিল। আর বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে প্রায় ৫০ জন গিয়েছিল।’অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমি ১৯৭১ সালের ২৬ এপ্রিল আগরতলায় পৌঁছাই। সেখান থেকে ১৫ মে কলকাতায় যাই। তখন বহু মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে আমার অনেক সহকর্মীর পরিবার ছিল। বহু পরিচিতজন ছিলেন এবং নূতন চন্দ্র সিংহের কনিষ্ঠ পুত্র প্রফুল্ল রঞ্জন সিংহের পরিবারও ছিল।’ তিনি বলেন, ‘আমি ১০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রামগড়ে ছিলাম। সম্ভবত ২০-২২ এপ্রিলের দিকে প্রফুল্ল সিংহের সঙ্গে রামগড়ে সাক্ষাৎ হয়। তখন তিনি আমাকে বলেন যে তাঁর বাবা আর নেই। আমি ঘটনা জানতে চাইলে তিনি (প্রফুল্ল) বলেন, পাকিস্তানি সেনাবাহিনী কুণ্ডেশ্বরীতে প্রবেশ করে তাঁর বাবার সঙ্গে কথাবার্তা বলে ফিরে যাওয়ার সময় ফজলুল কাদের চৌধুরীর পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরীর ইঙ্গিতে পাকিস্তানি সেনারা নূতন চন্দ্র সিংহকে গুলি করে হত্যা করে। প্রায় তিন দিন তাঁর মৃতদেহ বাড়ির সামনেই পড়ে থাকে। পরে স্থানীয় অধিবাসীদের সাহায্যে তাঁর সৎকার করা হয়।’আনিসুজ্জামান জবানবন্দিতে আরও বলেন, ‘আমি কলকাতায় যাওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের “বাংলাদেশ সহায়ক কমিটি”র সহযোগিতায় বাংলাদেশের সব স্তরের শরণার্থী শিক্ষকদের নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি গড়ে তুলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ আর মল্লিক বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও আমি সাধারণ সম্পাদক নিযুক্ত হই। শরণার্থী শিক্ষকদের সঙ্গে ও অন্য শরণার্থীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। পরে বাংলাদেশ সরকার পরিকল্পনা সেল গঠন করলে আমি তাঁর সদস্য নিযুক্ত হই। এই পরিকল্পনা সেল পরে পরিকল্পনা কমিশনে রূপান্তরিত হয়। একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। ১৯৭২ সালের ৬ জানুয়ারি আমি প্রথমে খুলনায় এবং ৮ জানুয়ারি ঢাকায় ফিরে আসি। এরপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্বপদে যোগদান করি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দায়িত্ব গ্রহণ করি। তখন প্রফুল্ল সিংহ আমাকে বলেন, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোপাল দাস, পরে তিনি অধ্যক্ষ হয়েছিলেন এবং আরও কেউ কেউ প্রফুল্লকে জানিয়েছিলেন যে পাকিস্তানি হানাদারেরা একাত্তরের ১৩ এপ্রিল কুণ্ডেশ্বরীতে প্রবেশ করে। সালাউদ্দিন কাদের চৌধুরী তখন পাকিস্তানি সেনাদের সঙ্গে ছিলেন, তিনি একজন মেজর বলে পরিচিত ছিলেন। সেনারা নূতন চন্দ্র সিংহকে জিজ্ঞাসাবাদ করে ফিরে যাওয়ার উপক্রম হলে সালাউদ্দিন কাদের চৌধুরী থাকায় তারা আবার ফিরে আসে এবং নূতন চন্দ্র সিংহকে টেনে বের করে এনে গুলি করে। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজের পিস্তল দিয়ে মুমূর্ষু নূতন সিংহকে গুলি করে। এগুলো প্রফুল্ল চন্দ্র সিংহ অন্যদের কাছ থেকে শুনেছিলেন এবং আমাকে বলেছিলেন।’ জবানবন্দির এই পর্যায়ে আসামিপক্ষ আপত্তি জানায়।বাংলা একাডেমীর সভাপতি বলেন, ‘আমি আরেকটি প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালেহউদ্দিনকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে একাত্তরের কোনো একসময় রাজাকার বাহিনীর সদস্যরা ধরে নিয়ে ফজলুল কাদের চৌধুরীর ‘গুডস হিল’ বাড়িতে আটক রাখে এবং সালাউদ্দিন কাদের চৌধুরী ও অন্যরা তাঁর ওপর নির্মমভাবে অত্যাচার করে। সালেহউদ্দিন পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য নির্বাচিত হন। সে সময় সিনেটের এক অধিবেশনে এ ঘটনার উল্লেখ করা হয়। তখনো তাঁর শরীরে অত্যাচারের চিহ্ন ছিল। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমি ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি। ২০০৩ সালে অবসর গ্রহণ করি। পরে বাংলা বিভাগে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে যোগ দিই এবং ২০০৮ সালে ইমেরিটাস অধ্যাপক নিযুক্ত হই। আমি এখনো সেই পদে আছি।’আনিসুজ্জামান বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী সারা দেশে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটায়। তাদের অত্যাচারে এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। দেশের মধ্যেও বহু মানুষ ভিটেমাটি ছেড়ে পালিয়ে বেড়ায়। সত্তরের নির্বাচনে পরাজিত রাজনৈতিক দলগুলো, যথা—জামায়াতে ইসলামী, কনভেনশন মুসলিম লীগ ও অন্যান্য দল রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী গড়ে তোলে এবং তারা নানা ধরনের অত্যাচার করে। যুদ্ধের শেষ পর্যায়ে বিশেষ করে বহুসংখ্যক বুদ্ধিজীবী তাদের দ্বারা অপহূত ও নিহত হন। এ ছাড়া শান্তি কমিটি গঠন করে এরা রাজনৈতিকভাবে পাকিস্তানি সরকারের সমর্থনে ভূমিকা পালন করে। তাদের মধ্যে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, ফজলুল কাদের চৌধুরী নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীরও একই ধরনের ভূমিকা ছিল। তার ভূমিকা ছিল বিশেষভাবে চট্টগ্রামে।’