সাকা চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির দুই দিনের কর্মসূচি
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ এবং পরদিন সব জেলায় বিক্ষোভ করবে বিএনপি।আজ শুক্রবার সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভার পর বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। প্রসঙ্গত, সাকা চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের একটি দল গ্রেপ্তার করে। তাঁকে গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে ঢাকার মগবাজারে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গত বুধবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়, যার শুনানি হবে আগামী রোববার।