সাকা চৌধুরীর চিকিৎসাসেবার ব্যবস্থা করতে হাইকোর্টের নির্দেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) দুই দিনের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল বা বিদেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। সরকার, কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গতকাল রোববার সাকা চৌধুরীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন তাঁর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী। সাকা চৌধুরীর পক্ষে আইনজীবী টি এইচ খান ও খন্দকার মাহবুব হোসেন এবং সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানের তিনি নারায়ণগঞ্জ কারাগারে বন্দী আছেন।