সাকা চৌধুরীর জবানবন্দির তৃতীয় দিনেও বাদানুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে গতকাল বুধবার তৃতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিকালে গতকালও বাদানুবাদ ও হট্টগোল হয়।বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও আনোয়ারুল হকের সমন্বয়ে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরী জবানবন্দি দিচ্ছেন। গতকালও তিনি দ্বিজাতিতত্ত্বের প্রতি বঙ্গবন্ধুর সমর্থনের বিষয়ে ও ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের হাতে ভারতের মুসলমানরা কীভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে—এ বিষয়ে বক্তব্য দেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ধারণা ও বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।...’এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ ট্রাইব্যুনালকে বলেন, ‘অনেক দিন ভালো ইংরেজি শুনি না, উনি ভালো ইংরেজি বলছেন, আমরা শুনছি। কিন্তু অভিযোগের সঙ্গে এসবের কী সম্পর্ক? জবানবন্দি দিতে এসে সাক্ষী কী বিশ্বাস করেন, তা বলার কী সুযোগ আছে? মামলার জন্য এসব বক্তব্যের কী দাম আছে?’সাকা চৌধুরী বলেন, ‘আমি সক্রিয় রাজনীতিবিদ। কথায় কথায় খোঁটা দেন, ওই পাকিস্তানি, ওই ভারতবিদ্বেষী...এসব বিষয়ে বলতে হবে না? এসব বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস তো আমার সাক্ষ্যেই থাকবে।’কিছুক্ষণ বাগিবতণ্ডার পর ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে বলেন, ‘আমরা আপনাকে সুযোগ দিচ্ছি। এমন যেন আপনাকে বলতে না হয় যে আপনি আর সময় পাবেন না।’এর পরও জবানবন্দির বক্তব্য নিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সঙ্গে আসামিপক্ষের আইনজীবীদের কয়েক দফায় বাগিবতণ্ডা হয়। এ সময় এজলাসে হট্টগোল হয়।রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, ‘শুরু থেকেই আমরা কান্নাকাটি করে প্রার্থনা করছি। আমাদের প্রার্থনা মঞ্জুর হচ্ছে না। আসামিকে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তাঁর বক্তব্যের সময়কাল হবে একাত্তরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। এভাবে চলতে থাকলে আমাদের অন্য ধরনের অনুমতি নিতে হবে।’ট্রাইব্যুনাল বলেন, ‘অন্য ধরনের অনুমতি মানে?’ সাকা চৌধুরী বলেন, ‘এটা তো ট্রাইব্যুনালকে সরাসরি হুমকি! আমার আইনজীবী বললে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতো।’ জেয়াদ-আল-মালুম বলেন, ‘অন্য ধরনের অনুমতি মানে আবেদন নিয়ে আসব।’বাদানুবাদের একপর্যায়ে রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, অভিযোগ প্রমাণের দায়িত্ব রাষ্ট্রপক্ষের, আসামিপক্ষের এ দায় নেই। আসামিপক্ষ অ্যালিবাই (ঘটনাস্থলে না থাকার দাবি) প্রমাণ করবে, এ জন্য তাঁকে ঘটনার বিষয়ে সাক্ষ্য দিতে হবে। এখানে বিশ্বাস বা ধারণা নিয়ে কথা বলার সুযোগ নেই।পরে জবানবন্দিতে সাকা চৌধুরী দাবি করেন, তিনি জন্মসূত্রে বাংলাদেশি নন, বরং তিনি বাংলাদেশের নাগরিকত্ব বেছে নিয়েছেন। একাত্তরে তিনি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র ছিলেন। একাত্তরের ১৬ ডিসেম্বর তিনি যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ১৯৭৪ সালের এপ্রিলে তিনি ব্রিটিশ ভ্রমণ-সংক্রান্ত নথি নিয়ে বাংলাদেশে ফেরেন এবং ওই নথি জমা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তৎকালীন সাংসদ আবদুল কুদ্দুস মাখন তাঁর বাংলাদেশি পাসপোর্টের জন্য সুপারিশ করেন। ওই সময় কোনো সাংসদের সুপারিশ ছাড়া বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হতো না।সাকা চৌধুরী বলেন, ইতিমধ্যে ১৯৭৩ সালের ১৮ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর বাবা এ কে এম ফজলুল কাদের চৌধুরীকে হত্যা করা হয়। এ বক্তব্যে রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে আপত্তিসহ তা সংরক্ষণ করা হয়। পরে তিনি বলেন, যুক্তরাজ্যে তিনি বেশ ভালোভাবে ছিলেন, কেউ তাঁকে বাংলাদেশে ফিরতে বাধ্য করেনি বা চাপ দেয়নি। রাষ্ট্রপক্ষ যেমন বলেছে, তেমন কোনো গোপন উদ্দেশ্যে তিনি বাংলাদেশে ফেরেননি। গভীর দুঃখের বিষয় হলো, বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে তিনি বা তাঁর পরিবার কোনোভাবে ভূমিকা রাখতে পারেননি। রাষ্ট্রপতির জীবন রক্ষা যেসব ব্যক্তির সাংবিধানিক দায়িত্ব ছিল, তাঁরা এখন ওই মর্মান্তিক হত্যাকাণ্ডের ৩৮ বছর পর দুঃখ প্রকাশ করে মায়াকান্না কাঁদছেন।সাকা চৌধুরী দাবি করেন, তাঁর প্রয়াত পিতা ও বঙ্গবন্ধুর মধ্যে কেমন সম্পর্ক ছিল, তা বঙ্গবন্ধুর আত্মজীবনীতে উল্লেখ আছে।বিকেলে সাকা চৌধুরীর জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।