সাকা চৌধুরীর জবানবন্দির সময় আবার হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি অব্যাহত রেখেছেন। আজ বুধবার জবানবন্দি দেওয়ার সময় রাষ্ট্রপক্ষের সঙ্গে সাকা চৌধুরী ও তাঁর আইনজীবীর বাদানুবাদ হয়।বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সাকা চৌধুরী তৃতীয় দিনের মতো জবানবন্দি দেন। আজও তিনি দ্বিজাতিতত্ত্বের প্রতি বঙ্গবন্ধুর সমর্থনের বিষয়ে ও ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের হাতে ভারতের মুসলমানরা কীভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়েছে—এ বিষয়ে বক্তব্য দেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ধারণা ও বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।...’এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ট্রাইব্যুনালকে বলেন, ‘অনেক দিন ভালো ইংরেজি শুনি না, উনি ভালো ইংরেজি বলছেন, আমরা শুনছি। কিন্তু অভিযোগের সঙ্গে এসবের কী সম্পর্ক? জবানবন্দি দিতে এসে সাক্ষী কী বিশ্বাস করেন, তা বলার সুযোগ আছে? মামলার জন্য এসব বক্তব্যের কি দাম আছে?’সাকা চৌধুরী বলেন, ‘আমি একজন সক্রিয় রাজনীতিবিদ। কথায় কথায় খোঁটা দেন, ওই পাকিস্তানি, ওই ভারতবিদ্বেষী...এসব বিষয়ে বলতে হবে না? এসব বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস তো আমার সাক্ষ্যেই থাকবে।’কিছুক্ষণ বাগবিতণ্ডা চলার পর ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে বলেন, ‘আমরা আপনাকে সুযোগ দিচ্ছি। এমন যেন আপনাকে বলতে না হয় যে আপনি আর সময় পাবেন না।’এরপরও জবানবন্দির বক্তব্য নিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সঙ্গে আসামিপক্ষের আইনজীবীদের কয়েক দফায় বাগবিতণ্ডা হয়। এ সময় এজলাসে হট্টগোল শুরু হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল-মালুম বলেন, ‘শুরু থেকেই আমরা কান্নাকাটি করে প্রার্থনা করছি, আমাদের প্রার্থনা মঞ্জুর হচ্ছে না। আসামিকে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তাঁর বক্তব্যের সময়কাল হবে একাত্তরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। এভাবে চলতে থাকলে আমাদের অন্য ধরনের অনুমতি নিতে হবে।’ট্রাইব্যুনাল বলেন, ‘এটা আবার কী? অন্য ধরনের অনুমতি মানে?’ সাকা চৌধুরী বলেন, ‘এটা কী? এটা তো ট্রাইব্যুনালকে সরাসরি হুমকি! আমার আইনজীবী বললে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতো।’ মালুম বলেন, ‘অন্য ধরনের অনুমতি মানে আবেদন নিয়ে আসব।’বাদানুবাদ চলতে থাকলে রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, অভিযোগ প্রমাণের দায়িত্ব রাষ্ট্রপক্ষের, আসামিপক্ষের এ দায় নেই। আসামিপক্ষ অ্যালিবাই (ঘটনাস্থলে না থাকার দাবি) প্রমাণ করবে, এ জন্য তাঁকে ঘটনার বিষয়ে সাক্ষ্য দিতে হবে। এখানে বিশ্বাস বা ধারণা নিয়ে কথা বলার সুযোগ নেই। এ ছাড়া বিধি অনুসারে সময় ব্যবস্থাপনা করার বিধান রয়েছে।পরে জবানবন্দিতে সাকা চৌধুরী দাবি করেন, তিনি জন্মসূত্রে বাংলাদেশি নন, বরং তিনি বাংলাদেশের নাগরিকত্ব বেছে নিয়েছেন। তিনি বলেন, একাত্তরে তিনি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র ছিলেন। একাত্তরের ১৬ ডিসেম্বর তিনি যুক্তরাজ্যের লন্ডনের বাসিন্দা ছিলেন। ১৯৭৪ সালের এপ্রিলে তিনি ব্রিটিশ ভ্রমণ-সংক্রান্ত নথি নিয়ে বাংলাদেশে ফেরেন এবং ওই নথি জমা দিয়ে বাংলাদেশের পাসপোর্ট নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তত্কালীন সাংসদ আবদুল কুদ্দুস মাখন তাঁর বাংলাদেশি পাসপোর্টের জন্য সুপারিশ করেন। ওই সময় কোনো সাংসদের সুপারিশ ছাড়া বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হতো না।সাকা চৌধুরী বলেন, ইতিমধ্যে ১৯৭৩ সালের ১৮ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর বাবা এ কে এম ফজলুল কাদের চৌধুরীকে ‘হত্যা’ করা হয়। এ বক্তব্যে রাষ্ট্রপক্ষ আপত্তি দিলে আপত্তিসহ তা সংরক্ষণ করা হয়। পরে তিনি বলেন, যুক্তরাজ্যে তিনি বেশ ভালোভাবে ছিলেন, কেউ তাঁকে বাংলাদেশে ফিরতে বাধ্য করেনি বা চাপ দেয়নি। রাষ্ট্রপক্ষ যেমন বলেছে, তেমন কোনো গোপন উদ্দেশ্যে তিনি বাংলাদেশে ফেরেননি। গভীর দুঃখের বিষয় হলো, বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে তিনি বা তাঁর পরিবার কোনোভাবে ভূমিকা রাখতে পারেননি। রাষ্ট্রপতির জীবন রক্ষা যেসব ব্যক্তির সাংবিধানিক দায়িত্ব ছিল, তাঁরা এখন ওই মর্মান্তিক হত্যাকাণ্ডের ৩৮ বছর পর দুঃখপ্রকাশ করে মায়াকান্না কাঁদছেন।সাকা চৌধুরী দাবি করেন, তাঁর প্রয়াত পিতা ও বঙ্গবন্ধুর মধ্যে কেমন সম্পর্ক ছিল, তা বঙ্গবন্ধুর আত্মজীবনীতে উল্লেখ আছে। বঙ্গবন্ধুর কাছের ও ঘনিষ্ঠ একজন মানুষকে ‘নির্যাতনের বিচারে’ বঙ্গবন্ধুর আত্মজীবনী রাষ্ট্রপক্ষ মামলার আলামত হিসেবে দাখিল করেননি। তাঁর এ বক্তব্যে আপত্তি জানায় রাষ্ট্রপক্ষ।বিকেলে সাকা চৌধুরীর জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।