একাত্তরে মানবতা-বিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।এদিকে সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আদেশের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে ‘মিথ্যুক’ বলে আদালত অবমাননা করেছেন ফখরুল ইসলাম। তবে দোষ স্বীকার করে ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চাওয়ায় ও আনিসুজ্জামানের প্রতি দুঃখ প্রকাশ করায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে তাঁর জামিনের আবেদনের আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামির পক্ষে করা একটি আবেদনে ‘রাষ্ট্রপতির সমন’ মেনে চলতি সংসদ (বাজেট) অধিবেশনে যোগদানের অনুমতি চাওয়া হয়েছে। অপরটিতে তিনি জামিনের আবেদন করেছেন, এ ক্ষেত্রে সংসদ অধিবেশনে যোগদান করাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেটিকে ‘রাষ্ট্রপতির সমন’ বলা হয়েছে, তা জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবের স্বাক্ষরিত একটি নোটিশ। দেশের সব সরকারি কার্যক্রম রাষ্ট্রপতির নামে হয়, এ জন্য একে ‘রাষ্ট্রপতির সমন’ বলা যায় না।আদেশে আরও বলা হয়, আসামি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে আটক আছেন, এই আইনে জামিনের কোনো বিধান নেই। বিএনপির নেতা আবদুল আলীমকে দেওয়া জামিনের উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, তবে এই আইনের আওতায় অপর এক আসামিকে জামিন দেওয়া হয়েছে শারীরিক কারণ বিবেচনা করে। এ ছাড়া তিনি সংসদ অধিবেশনে যোগদান করতে চাইলেও তাঁর দল (বিএনপি) যোগ দেয়নি।জামিন দেওয়া না হলে সংসদে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, এ ক্ষেত্রে আসামি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করতে পারেন। ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো আদেশ দিতে ইচ্ছুক নন।গত বুধবার আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক জামিন আবেদনের শুনানিতে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যদি জামিন দেওয়া নাও হয়, তবে সংসদ অধিবেশনে যোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিতে পারেন।এরপর এই মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালিকে এক ঘণ্টার মতো জেরা করেন আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় ৪ জুন (সোমবার) পর্যন্ত আদালত মুলতবি করা হয়।‘আইনজীবী আদালত অবমাননা করেছেন’: ট্রাইব্যুনাল গতকাল কার্যক্রমের শুরুতে সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, ১৪ মে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে (আনিসুজ্জামান) জেরার সময় ফখরুল ইসলাম বারবার তাঁকে ‘মিথ্যুক’ বলেন। ট্রাইব্যুনাল ওই সময় তাঁকে সতর্ক করে যথাযথ ভাষা প্রয়োগের নির্দেশ দেন। কিন্তু কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের কাছে সাক্ষীর সম্বন্ধে আবার একই শব্দ ব্যবহার করেন। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এসেছে। ১৫ মে এ জন্য ফখরুলকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২৭ মে এই নোটিশের লিখিত জবাবে ফখরুল বলেন, তিনি অনিচ্ছাকৃতভাবে সাক্ষীর সম্বন্ধে ওই শব্দ ব্যবহার করেছেন, এ ক্ষেত্রে তাঁর অন্য শব্দ ব্যবহার করা উচিত ছিল। এ জন্য তিনি ট্রাইব্যুনালের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চান। ভবিষ্যতে তিনি এ ধরনের শব্দচয়নের ক্ষেত্রে সতর্ক থাকবেন বলে জানান।আদেশের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, আনিসুজ্জামান দেশের একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। ফখরুল ইসলাম তাঁর সম্বন্ধে ওই শব্দ ব্যবহার করে গুরুতর ভুল করেছেন। ট্রাইব্যুনাল সন্তুষ্ট যে আইনজীবী তাঁর ভুলের জন্য ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন এবং সাক্ষীর প্রতি দুঃখপ্রকাশ করেছেন। ফখরুল ইসলামের মতো উচ্চশিক্ষিত মানুষের কাছ থেকে এ ধরনের বক্তব্য আসা অনাকাঙ্ক্ষিত। তিনি ওই শব্দ ব্যবহারের মাধ্যমে আদালত অবমাননা করলেও ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না। ব্যবস্থা নেওয়া হলে তাঁর জীবন ও পেশার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ট্রাইব্যুনাল আশা করেন, এই আদেশের মধ্য দিয়ে সবাই সতর্ক হবেন এবং এ ঘটনার পুনরাবৃত্তি হবে না। এই পর্যবেক্ষণ দিয়ে ফখরুলকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল।সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। রোববার তাঁকে আবার জেরা করবে আসামিপক্ষ।মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দুটি আবেদনের শুনানি: এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষের অতিরিক্ত একজন সাক্ষী ও নতুন একটি অভিযোগ অন্তর্ভুক্ত করার আবেদনের ওপর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষ সময়ের আরজি জানালে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ৫ জুন তাঁদের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন।