সাকা চৌধুরীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি। আজ রোববার আদালতে অধিকতর তদন্তের সময়সীমা ৩০ দিন বাড়ানোর আবেদনে এ কথা উল্লেখ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ জহুরুল হক অধিকতর তদন্তের সীমা ২২ জুন পর্যন্ত বাড়ান। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান আদালতে দ্বিতীয় দফায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে গ্রেনেড হামলার ঘটনায় সাকা চৌধুরী জড়িত ছিলেন বলে তিনি জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে সাকা চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।সাকা চৌধুরী বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক আছেন। এর আগে মুফতি হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুইজন কর্মকর্তা রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিমকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে মুফতি হান্নান আদালতে তার জবানবন্দিতে বলেছেন।আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর কৌঁসুলি আবদুল্লাহ আবু এবং তাঁকে সহায়তা করেন আবুল কালাম ও আকরাম উদ্দিন।একই ঘটনায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন হত্যা মামলায় ২২ জুন অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ জুন সিআইডি মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে। কিন্তু ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তে আসেনি—এ কারণ উল্লেখ করে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্র পক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।