সাকা চৌধুরীর দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। চেক প্রত্যাখ্যানের অভিযোগে ফেইন ইন্টারন্যাশনাল কোম্পানির করা মামলায় আজ মঙ্গলবার মহানগর হাকিম কণিকা বিশ্বাস এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আজ এ মামলার আসামিদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। মামলার আসামি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরী সমন পাওয়ার পরও আজ হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন। গত ২০ মে ফেইন ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। ঢাকা ডাইং মেনুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন কাদের চৌধুরী এবং বিপণন কর্মকর্তা সামির কাদের চৌধুরীকে আসামি করা হয়। সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। জানা যায়, ঢাকা ডাইং এবং ফেইন ইন্টারন্যাশনাল ব্যবসায়িক চুক্তি করে। পরে ঢাকা ডাইং বাদী প্রতিষ্ঠান থেকে বাকিতে ১৫ লাখ টাকার পণ্য ক্রয় করে। গত বছরের ৩০ সেপ্টেম্বর আসামিরা প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ টাকার চেক দেন। কিন্তু বাদী প্রতিষ্ঠান চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়।