সাকা চৌধুরীর পক্ষে ১১৫৩ সাক্ষী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে এক হাজার ১৫৩ জনের নামের তালিকা জমা দেওয়া হয়েছে। ১৭ মে আসামিপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তালিকাটি জমা দেয়।জানতে চাইলে সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এক হাজার ১৫৩ জন সাক্ষীর নামের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাক্ষীর তালিকায় রাজনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষক, বিচারপতিসহ কিছু পরিচিত ব্যক্তিত্বের নাম আছে। তাঁদের মধ্যে রয়েছেন কাদের সিদ্দিকী, বদরুদ্দীন উমর, সিরাজুল আলম খান, আনোয়ার হোসেন মঞ্জু, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অলি আহমদ প্রমুখ। এ ছাড়া একাধিক বিচারপতির নামও রয়েছে বলে ওই সূত্র জানায়। বিধান অনুসারে সাক্ষীদের তালিকায় শুধু নাম উল্লেখ করা থাকে, অন্য কোনো পরিচয় বা ঠিকানা থাকে না। এই তালিকায়ও নামের বাইরে অন্য কোনো পরিচয় দেওয়া নেই।সাক্ষীদের তালিকায় এসব ব্যক্তির নাম থাকার কথা স্বীকার করে ফখরুল ইসলাম বলেন, তিনি নিজে এসব ব্যক্তির নাম সাক্ষীদের তালিকায় লিখেছেন। সাক্ষীর তালিকায় নাম থাকার বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মঞ্জু গতকাল প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে সালাউদ্দিন কাদের চৌধুরী কী করেছেন, তা আমি জানি না। তবে আগরতলা মামলা চলাকালে বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে আমার নেতৃত্বে ঢাকার ধানমন্ডি ও জগন্নাথ কলেজে ছাত্রলীগের যেসব মিছিল হয়, সালাউদ্দিন কাদের তাতে অংশ নিয়েছিলেন। সে জন্যই হয়তো সাক্ষী হিসেবে আমার নাম দিয়েছেন।’তবে ফোনে যোগাযোগ করা হলে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বদরুদ্দীন উমর ও কাদের সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সাক্ষীর তালিকায় নাম থাকার বিষয়ে তাঁরা কিছুই জানেন না। বদরুদ্দীন উমর বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ভালো কাজ করেছেন কি মন্দ কাজ করেছেন, তার কিছুই আমার জানা নেই। কেন আমার নাম সাক্ষীর তালিকায়, সেটাও আমার জানা নেই।’গত ৪ এপ্রিল ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরীর বিচার শুরু হয়। ওই দিন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করেন। ২৯ এপ্রিল আসামিপক্ষের সাক্ষীদের তালিকা জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ মে সাক্ষীদের তালিকা দাখিলের দিন পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।আসামিপক্ষের এক হাজার ১৫৩ জন সাক্ষীর তালিকা ‘হাস্যকর’ উল্লেখ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, বিচার দীর্ঘায়িত করার অসৎ উদ্দেশে আসামিপক্ষ এই কাজ করেছে। এই তালিকা শুধু হাস্যকর নয়, বরং বিধিমালা লঙ্ঘন করে এই তালিকা করা হয়েছে। বিধিতে স্পষ্ট উল্লেখ থাকলেও সাক্ষীদের শুধু নাম দেওয়া হয়েছে। কিন্তু কোন সাক্ষী কোন বিষয়ে সাক্ষ্য দেবেন, সে ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।