সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযানের বিবরণ দিলেন দুই সাক্ষী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী কাজী মো. নুরুল আবছার ও ১১তম সাক্ষী এস এম মাহবুব-উল-আলম। জবানবন্দিতে তাঁরা মুক্তিযুদ্ধকালে সাকা চৌধুরীর বিরুদ্ধে চালানো অভিযানের বিবরণ দেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের (মধ্যাহ্ন বিরতির পর এক সদস্য এ কে এম জহির আহমেদ অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দুই সাক্ষীর জবানবন্দি নেন যথাক্রমে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহ্মুদ। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।প্রথমে জবানবন্দি দেন নুরুল আবছার (৬১)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তিনি রাঙ্গুনিয়া থানা ও কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। পরে কলেজ শাখার সভাপতি হন তাঁর বন্ধু মাহবুবুল আলম, তিনি খাতুনগঞ্জে থাকতেন। মুক্তিযুদ্ধে তিনি (সাক্ষী) চট্টগ্রাম শহরে সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধাদের খাওয়াদাওয়া, নিরাপত্তার ব্যবস্থা প্রভৃতি দায়িত্ব পালন করতেন। তিনি ৮ নম্বর গ্রুপে ছিলেন, এস এম মাহবুব-উল-আলম (১১তম সাক্ষী) ছিলেন ওই গ্রুপের কমান্ডার।নুরুল আবছার বলেন, একাত্তরের জুন-জুলাই মাসের দিকে বন্ধু মাহবুবুলের খোঁজ না পেয়ে তাঁরা চিন্তিত হয়ে পড়েন। পরে জানতে পারেন, তাঁকে গুডস হিলে (শহরে সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি) নিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তাঁর গায়ের চামড়া উঠে যায়। তাঁর বাঁচার সম্ভাবনা ছিল না। তাঁরা জানতে পারেন, সাকা চৌধুরী এসব ঘটনার সঙ্গে জড়িত। তাই তাঁরা সাকা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও তাঁকে ‘খতম’ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আরেক বন্ধু আজিজ উদ্দিনের কাছে জানতে পারেন, সাকা চৌধুরী গুডস হিলে স্বাধীনতাকামী লোকদের ধরে নিয়ে অত্যাচার করতেন। অত্যাচারিতদের অবস্থা পরীক্ষা করাতে তাঁদের গভীর রাতে ডা. ছমিউদ্দিনের (আজিজ উদ্দিনের বাবা) বাড়িতে নিয়ে যাওয়া হতো।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একদিন আজিজ উদ্দিন তাঁকে জানান, তাঁদের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে সাকা চৌধুরী যাবেন। বিষয়টি নিয়ে তিনি কমান্ডার মাহবুব-উল-আলমের সঙ্গে কথা বলে অভিযানের পরিকল্পনা করেন। তাঁকে রাস্তার ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়। নির্ধারিত দিনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাকা চৌধুরী একজন পাকিস্তানি সেনা কর্মকর্তাসহ কয়েকজনকে নিয়ে ডা. ছমিউদ্দিনের বাড়িতে যান। বিষয়টি তিনি দলের সদস্যদের জানান। রাত সাড়ে আটটা-পৌনে নয়টার দিকে তিনি প্রথমে স্টেনগান, পরে গ্রেনেড এবং এরপর রিভলবারের গুলির শব্দ শোনেন। আক্রমণ হয়েছে বুঝতে পেরে তিনি নিরাপদ স্থানে চলে যান। তিনি বলেন, ‘আজিজ উদ্দিন আমাকে খবর দিয়েছিল, সাকা চৌধুরী নিজে গাড়ি চালিয়ে আসেন। এ জন্য আক্রমণ করা হয়েছিল চালকের আসন লক্ষ্য করে। আমরা নিশ্চিত ছিলাম, চালকের আসনে সাকা চৌধুরী আছেন। পরদিন পত্রিকায় দেখি, গাড়ির চালক মারা গেছেন এবং সাকা চৌধুরী গ্রেনেডের আঘাতে আহত হয়েছেন। পরে সাকা চৌধুরী বিদেশ চলে যান।’অপর সাক্ষী এস এম মাহবুব-উল-আলম (৬৩) জবানবন্দিতে বলেন, একাত্তরের ২৫ মার্চের পর পাকিস্তানি সেনারা চট্টগ্রামের আংশিক দখল করে নিলে তিনি রামগড় চলে যান। সেখানে মেজর জিয়ার (প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান) সঙ্গে দেখা হলে তাঁর নির্দেশে প্রশিক্ষণ নিতে ভারতে যান। প্রশিক্ষণ শেষে ফিরলে মেজর জিয়া ১৬ জনের ব্রাভো কোম্পানি (৮ নম্বর গ্রুপ) গঠন করে তাঁকে গ্রুপ কমান্ডারের দায়িত্ব দেন। তিনি তাঁকে ২২ জনের একটি ‘হিট লিস্ট’ দেন। এই তালিকার প্রথমে ফজলুল কাদের চৌধুরী, দ্বিতীয় সাকা চৌধুরী, তৃতীয় দেওয়ান বাজারের মুসলিম লীগ নেতা দিদার মিয়া, চতুর্থ চান্দগাঁও থানার সরাফত উল্লাহর নাম ছিল।সাক্ষী বলেন, তাঁরা চট্টগ্রাম শহরে ফিরে বিভিন্ন স্থানে অভিযান চালান। তাঁদের কাছে খবর আসে, পাকিস্তানি সেনাদের বাঙালি সমর্থক ও সহায়তাকারী হলেন সাকা চৌধুরী। উনসত্তরপাড়া ও রাউজানে অনেক নৃশংসতা হচ্ছে। সাকা চৌধুরীর নেতৃত্বে আলবদর, আলশামস, রাজাকাররা এসব করছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে নিয়ে গুডস হিলে রেখে নির্যাতন করে হত্যা ও গুম করার নেতৃত্বেও সাকা চৌধুরীর নাম আসে। তিনি বলেন, দীর্ঘদিন এসব চলতে থাকায় তাঁর ওপর চাপ আসে কিছু করার জন্য। তিনি সহযোদ্ধা ও শেল্টার মাস্টার কাজী নুরুল আবছারকে (দশম সাক্ষী) সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা করতে বলেন। ৮-১০ দিন পর আবছার জানান, ডা. ছমিউদ্দিনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে সাকা চৌধুরী যাবেন। সেই মোতাবেক পরিকল্পনা করা হয়। ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছমিউদ্দিনের বাড়ির কাছে একটি ড্রেনের স্ল্যাবের নিচে তিনি, সহযোদ্ধা সৌরেন্দ্রনাথ সেন ও ফজলুল হক ভূঁইয়া সশস্ত্র অবস্থান নেন। সাকা চৌধুরী গাড়ি চালিয়ে ছমিউদ্দিনের বাড়িতে যান। এক-দেড় ঘণ্টা পর সাকা চৌধুরী ওই বাড়ি থেকে বের হন। পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁরা সংকেত পেয়ে গাড়ির সামনের দিকে আক্রমণ করেন। প্রথমে ফজলুল স্টেনগান দিয়ে ব্রাশফায়ার করেন, তারপর সৌরেন্দ্র গ্রেনেড ছোড়েন, পরে তিনি রিভলবার দিয়ে গুলি করেন। এরপর তাঁরা চলে আসেন। রাতে বিবিসির খবর শুনে জানতে পারেন, এই অভিযানে গাড়িচালক ঘটনাস্থলে মারা গেছেন, সাকা চৌধুরী আহত হয়েছেন।জবানবন্দি শেষে ট্রাইব্যুনাল এই দুই সাক্ষীকে আসামিপক্ষের জেরার জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেন।সাঈদীর সাফাই সাক্ষ্য আজ: জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। গতকাল আসামিপক্ষ পাঁচজন সাফাই সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করে।