বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৪ নভেম্বর তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ), আনুষঙ্গিক নথি ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) পাওয়া গেছে। এ জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে।ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে ২৪ নভেম্বর তাঁকে হাজির করার নির্দেশ দিয়েছেন। তাঁর পক্ষে আইনজীবী না থাকায় মামলার প্রয়োজনীয় নথিপত্রের অনুলিপি ওই দিন তাঁর হাতে দেওয়া হবে।যোগাযোগ করা হলে সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাত মাস ধরে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে না। তাঁর অনুপস্থিতিতে বিভিন্ন আদেশ দেওয়া হচ্ছে।’ সাকা চৌধুরীর পক্ষে আইনজীবী নিয়োগ করা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত তিনিই নেবেন।’এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, আসামিপক্ষে আইনজীবী না থাকলে আদালত আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেন। এত দিন সাকা চৌধুরী নিজেই আত্মপক্ষ সমর্থন করেছেন। এখন তিনি আইনজীবী নেবেন কি না, তা তাঁর নিজস্ব সিদ্ধান্ত।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে ১৪ নভেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। এতে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৫টি অভিযোগ আনা হয়। ৫৫ পৃষ্ঠার ওই অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক তথ্য-প্রমাণ ও নথি এবং ১৮টি সিডি (কমপ্যাক্ট ডিস্ক) জমা দেওয়া হয়।সাকা চৌধুরীর বিরুদ্ধে গত বছরের ২৬ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। অন্য একটি মামলায় গ্রেপ্তার সাকা চৌধুরীকে ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক আছেন।