সাকা চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহউদ্দিন আহমেদ অভিযোগ দাখিলের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল মালুম গতকাল প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে সাকা চৌধুরীর বিরুদ্ধে ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়া হয়। অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক তথ্য-প্রমাণ ও নথি এবং ১৮টি সিডি (কমপ্যাক্ট ডিস্ক) জমা দেওয়া হয়।গত ৪ অক্টোবর মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা সাকা চৌধুরীর বিরুদ্ধে ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেয়। এর সঙ্গে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও, অডিও এবং আট হাজার পৃষ্ঠার তথ্য-উপাত্ত জমা দেওয়া হয়। তদন্ত সংস্থা জানায়, তদন্ত প্রতিবেদনে সাকা চৌধুরীর বিরুদ্ধে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধসহ ৩২টি মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পক্ষে ১৪৬ জন সাক্ষী রয়েছেন।তদন্ত সংস্থার সূত্র জানায়, চট্টগ্রাম ও রাউজানের বিভিন্ন এলাকায় সাকা চৌধুরীর নেতৃত্বে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এগুলোর মধ্যে রয়েছে: মধ্য বহিরায় মাখনলাল শর্মাসহ চারজনকে হত্যা, একই এলাকার বিশ্বাসপাড়ায় মনীন্দ্র বড়ুয়া, দয়াল হরি ও মহেশ মহাজনকে হত্যা, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ হত্যা, জগৎমল্লপাড়ায় ৩২ জনকে গুলি করে হত্যা, ঊনসত্তরপাড়ার গণহত্যা প্রভৃতি।সাকা চৌধুরীর বিরুদ্ধে গত বছরের ২৬ জুলাই থেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়। পরে ১৯ ডিসেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক আছেন।এ নিয়ে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দ্বিতীয় কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ২০টি অভিযোগ গঠন করা হয়েছে। ২০ নভেম্বর থেকে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা।