মানবতাবিরোধী অপরাধ কমিশনের তদন্ত শেষ
সাকা চৌধুরীর বিরুদ্ধে গণহত্যায় সহায়তার প্রমাণ মিলেছে
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে এক বছর তিন মাসের তদন্ত শেষে প্রতিবেদন তৈরি করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত কমিশন।আজ রোববার বিকেল তিনটায় তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, ‘গত বছরের ২৬ জুলাই থেকে সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থার অভিযোগ বইয়ে মামলা নম্বর ৩-এর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের কাজ আজ শেষ করা হয়েছে। কাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফের কাছে এ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে।’তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘তদন্তে সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩-এর অধীনে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।’প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মূল তদন্ত প্রতিবেদনটি ১১৯ পৃষ্ঠার। এ ছাড়া কেস ডায়েরি, তথ্যপ্রমাণ, সংশ্লিষ্ট সহযোগী কাগজপত্রসহ প্রায় আট হাজার পৃষ্ঠার নথি ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তদন্তকাজের জন্য চট্টগ্রামে সাকা চৌধুরীর বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে, সেগুলোর খসরা মানচিত্র, ছবি, ঘটনার শিকার এবং প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে।জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছিলেন।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাকা চৌধুরী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক।