সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম ১২ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এই আদেশ দেন। ওই দিন পরবর্তী সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে গত ১৪ মে সাক্ষ্য নেওয়া শুরু হয়। প্রসিকিউশনের সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে ১১ জন জবানবন্দি দেন। তাঁরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, চট্টগ্রামের ব্যবসায়ী এম সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরু বাঙালী, গৌরাঙ্গ চন্দ্র সিংহ, প্রফুল্ল রঞ্জন সিংহ, নির্মল চন্দ্র শর্মা, আব্বাস উদ্দিন চেয়ারম্যান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য মো. সালেহ উদ্দিন, পরাগ ধর, কাজী নুরুল আফসার এবং এস এম মাহবুব আলম। পরে আসামিপক্ষ তাঁদের জেরা করে।সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ২৩টি ঘটনায় ৭২টি অভিযোগে গত ৪ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ১৫ ডিসেম্বর অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর বাসসের।