মানবতাবিরোধী অপরাধের বিচার
সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। এর মাধ্যমে এ মামলার চূড়ান্ত পর্যায়ের কার্যক্রম শুরু হলো। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের পর মামলার রায়ের তারিখ ধার্য করা হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ যুক্তি উপস্থাপন শুরু করে সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রথম তিনটি অভিযোগের বিষয়ে যুক্তি দেন। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।গতকাল কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম যুক্তি উপস্থাপনের জন্য ট্রাইব্যুনালের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানান। তিনি বলেন, আসামিপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি শামীম হাসনাইন প্রধান বিচারপতির কাছে অনুমতি চেয়েছেন। ফখরুল এ-সংক্রান্ত চিঠি ট্রাইব্যুনালে দাখিল করেন।তবে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে যুক্তি উপস্থাপন শুরু করার নির্দেশ দেন। যুক্তিতে সুলতান মাহ্মুদ প্রথম অভিযোগে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য উদ্ধৃত করে বলেন, একাত্তরের ৪ বা ৫ এপ্রিল মতিলাল চৌধুরীসহ সাতজনকে অপহরণ করে গুডস হিলে (চট্টগ্রাম শহরে সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি) নিয়ে যাওয়া হয়। ওই সাতজনের মধ্যে সুনীলের বয়স কম হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়, বাকিদের নির্যাতন করে হত্যা করা হয়। বয়স কম হলেও সুনীল নির্যাতন থেকে রেহাই পাননি।দ্বিতীয় অভিযোগের প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা উদ্ধৃত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, একাত্তরের ১৩ এপ্রিল মধ্য গহিরা হিন্দুপাড়ায় ডা. মাখনলাল শর্মার বাড়িতে হত্যাকাণ্ডে চারজন মারা যান। হিন্দু জনগোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করতে ওই হত্যাকাণ্ড চালানো হয়, যা গণহত্যার অপরাধের মধ্যে পড়ে। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, একাত্তরে গুডস হিল ছিল একটি নির্যাতনকেন্দ্র এবং তা সম্পূর্ণভাবে এই মামলার আসামির নিয়ন্ত্রণাধীন ছিল।গণহত্যার অভিযোগের বিষয়ে যুক্তি দিয়ে সুলতান মাহ্মুদ বলেন, একাত্তরের ১৩ এপ্রিল মধ্য গহিরার নাপিতপাড়ার পাশে মুসলমানদের বাড়িতে হামলা চালানো হয়নি। এ থেকে স্পষ্ট হয়, হিন্দু জনগোষ্ঠীকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছিল। প্রতিটি অভিযোগের ঘটনাস্থলে সাকা চৌধুরী সশরীরে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে সাকা চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী কনভেনশন মুসলিম লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তাঁর নির্বাচনী এলাকার একটি বড় অংশ ছিল হিন্দুধর্মাবলম্বী ভোটার। এ জন্য তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু জনগোষ্ঠীকে নির্মূলে উৎসাহ-প্রণোদনা দেন।তৃতীয় অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।২০১২ সালের ৪ এপ্রিল এই ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তাসহ ৪১ জন সাক্ষ্য দেন, আসামিপক্ষে সাক্ষ্য দেন চারজন। যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষকে তিন দিন এবং আসামিপক্ষকে চার দিন সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল।