বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার দ্বিতীয় সাক্ষী মো. সলিমুল্লাহকে গতকাল মঙ্গলবার জেরা শুরু করেছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাক্ষীকে তাঁর বাড়ি ও গুডস হিলসংলগ্ন রাস্তাঘাট নিয়ে দীর্ঘ জেরা করা হয়।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হককে নিচু গলায় জেরা করতে, রাষ্ট্রপক্ষকে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে বিরোধিতা বন্ধ করতে এবং সাক্ষীকে প্রশ্ন শুনে বুঝে তারপর জবাব দেওয়ার নির্দেশ দেন। তবে জেরার সময় তিন পক্ষের মধ্যে কয়েক দফা বাগিবতণ্ডা হয়।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে জেরার শুরুতে আইনজীবী জানতে চান, সাক্ষী কোথায় কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? জবাবে সলিমুল্লাহ বলেন, তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক পর্যন্ত লেখাপড়া করেন। কলেজে থাকতে ছাত্র ইউনিয়ন করতেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন না, তবে তাদের ভাবধারায় বিশ্বাস করতেন। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামের জামাল খান রোডের লিচুবাগানের উত্তর পাশে রাস্তার ওপর তাঁর বাড়ি।আহসানুল হক এরপর সাক্ষীর বাড়ি ও এর আশপাশের এলাকা, সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি গুডস হিল ও সংলগ্ন বিভিন্ন সড়ক, এসব সড়কের পাশে থাকা স্থাপনার অবস্থান নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কুসুমকুমারী স্কুল থেকে গুডস হিলের আনুমানিক দূরত্ব কত—এ প্রশ্নের জবাবে সলিমুল্লাহ বলেন, আনুমানিক তিন-চার শ গজ। এ সময় তিনি বলেন, ‘এসব দিয়ে কী করবেন, সত্য সত্যই থাকবে।’ আইনজীবী বলেন, ‘আপনাকে যা জিজ্ঞাসা করা হয় তাঁর উত্তর দেবেন।’ রাষ্ট্রপক্ষ এ বক্তব্যের বিরোধিতা করে।পরে আবার গুডস হিল, এর আশপাশের রাস্তাঘাট ও সংলগ্ন স্থাপনা নিয়ে প্রশ্ন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী। একপর্যায়ে কয়েকটি প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তাঁর বাবা করাচিতে ছিলেন। তিনি ১৯৪৭ সালের আগে কংগ্রেস নয়, জামায়াতে ওলামায়ে হিন্দ করতেন। আইনজীবী বলেন, ফজলুল কাদের চৌধুরী শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় সাক্ষীর বাবাকে চাকরি দিয়েছিলেন। জবাবে সলিমুল্লাহ বলেন, এটা জঘন্য মিথ্যা।আইনজীবী জানতে চান, কালুরঘাট সেতু পার হয়ে আসার সময় পাকিস্তানি সেনারা কাপড় খুলে হিন্দু না মুসলিম পরীক্ষা করত তা কখনো দেখেছেন? জবাবে সাক্ষী বলেন, এটা তাঁর ছাপাখানার কর্মচারীদের কাছ থেকে শুনেছেন, কখনো নিজে উপস্থিত ছিলেন না। তিনি আইনজীবীকে বলেন, ‘পাকিস্তানি সৈন্যদের জন্য এত দরদ কেন আপনার?’ এ সময় আইনজীবীর সঙ্গে রাষ্ট্রপক্ষের আরেক দফা বিতণ্ডা হয়।আহসানুল হক মত দেন, সাক্ষী অসুস্থ নন। ট্রাইব্যুনালের সহানুভূতি পাওয়ার জন্য অসুস্থতার ভান করেছেন। এ সময় সলিমুল্লাহ বলেন, এটা সত্য নয়। তখন রাষ্ট্রপক্ষ বলে, সাক্ষীকে হেয়প্রতিপন্ন করতে এ কথা বলা হচ্ছে। সাক্ষী আহসানুলের উদ্দেশে বলেন, ‘আপনার মতো অসুস্থতার ভান করে আদালত থেকে ছুটি নিই না।’ এ বক্তব্যে ট্রাইব্যুনালে হাস্যরসের সৃষ্টি হয়।আইনজীবী এরপর জানতে চান, ছাত্রজীবনে সাক্ষী অভিনয় করতেন কি না? জবাবে সাক্ষী জানান, ‘না’। রাষ্ট্রপক্ষ এ প্রশ্নের বিরোধিতা করলে আবার দুই পক্ষের মধ্যে বিতণ্ডা হয়। ট্রাইব্যুনাল বিরক্ত হয়ে দুপক্ষের আইনজীবীদের বলেন, তাঁদের চুপ থাকার না কি, এজলাস থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।পরে সলিমুল্লাহর মালিকানাধীন সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন আইনজীবী। শেষদিকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে আরেক দফা বিতর্ক হয়। দুপুরে অসমাপ্ত অবস্থায় জেরা আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।