সাকা চৌধুরীর বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে আড়াই লাখ মার্কিন ডলার ও এক লাখ হংকং ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে। এই টাকা দিয়ে তিনি লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বেআইনিভাবে বেক্সিমকো ফার্মার শেয়ার কেনেন।আজ বৃহস্পতিবার বিকেলে দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, সাকা চৌধুরী ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর হংকং থেকে যুক্তরাজ্যে আড়াই লাখ মার্কিন ডলার ও এক লাখ হংকং ডলার পাঠালেও দুদকের কাছে দেওয়া সম্পদ বিবরণীতে এ তথ্য গোপন করেন। এই টাকা দিয়ে তিনি লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বেক্সিমকো ফার্মার শেয়ার কিনেছেন।দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, সিঙ্গাপুরের কুইন্টিনা হোল্ডিংয়ের নামে একটি কোম্পানির মাধ্যমে এই শেয়ার কেনা হয়েছে। অথচ বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো বাংলাদেশি নাগরিক এই শেয়ার কিনতে পারবে না। কিন্তু সাকা চৌধুরী প্রথমে সিঙ্গাপুরে টাকা পাঠান। সেখান থেকে আবার টাকা যায় হংকংয়ে। সেখানকার স্টিফেন অ্যান্ড অং নামের একটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে সাকা চৌধুরী ওই শেয়ার কেনেন।তৌফিকুল ইসলাম জানান, এক মাস ধরে তিনি এই অভিযোগের তদন্ত করছেন। আজ তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়ার পর কমিশন মামলা করার অনুমতি দেয়। এর পরই তিনি ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ অনুযায়ী এই অপরাধের জন্য অন্যূন ছয় মাস এবং অনধিক সাত বছরের কারাদণ্ড এবং অপরাধের সঙ্গে জড়িত অর্থের দ্বিগুণ অর্থদণ্ডের বিধান আছে।