সাকা চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে: কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধী হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত সংস্থা অনেক তথ্যপ্রমাণ পেয়েছে। সংস্থা এ রকম ১২ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার ভিত্তিতে তথ্য প্রকাশ করেছে।আজ শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শেখ হাসিনার জন্মদিন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য’ শীর্ষক এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধী হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত সংস্থা অনেক তথ্যপ্রমাণ পেয়েছে। এ রকম ১২ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার ভিত্তিতে তথ্য প্রকাশ করেছে তদন্ত সংস্থা। সরকার তদন্ত কিংবা যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না।’ প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘বঙ্গবন্ধু সত্য, ন্যায়ের পথে থেকে সঠিক পথে দেশকে পরিচালনা করেছেন। অপরদিকে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মিথ্যাচার, অন্যায়-অত্যাচার চালিয়ে দুর্নীতিতে দেশকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে।’অন্যান্যের মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম নজরুল ইসলাম, সাংসদ এনামুল হক, যোবেদা খানম পারুল, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর অনুষ্ঠানে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হেমায়েত উদ্দিন।