সাকা চৌধুরীর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে এক বন্দীকে যৌন নিপীড়ন করার অভিযোগে মামলা হয়েছে। ওই বন্দীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার গাজীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। বিচারক আবু আহসান হাবিব মামলা আমলে নিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।বাদীপক্ষের আইনজীবী ওয়াজউদ্দিন মিয়া জানান, তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আদেশের শুনানির পরবর্তী তারিখ ২০ মে ধার্য করা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। সাকা চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর তাঁকে আদালত ডিভিশন দিয়ে কাশিমপুর কারাগার পার্ট-১-এ স্থানান্তর করেন। গত বছরের ২০ নভেম্বর তাঁর সেবক হিসেবে বাদীর ছেলেকে নিয়োগ দেয় কারা কর্তৃপক্ষ। সাকা চৌধুরী ওই বন্দীকে কারাগার থেকে মুক্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময় যৌন নিপীড়ন করতেন। ভুক্তভোগী ছয়-সাত মাস ধরে সাকা চৌধুরীর সেবক হিসেবে নিয়োজিত ছিলেন। সেবক একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০০৮ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। গত ফেব্রুয়ারিতে তাঁর বাবা ছেলের সঙ্গে দেখা করতে গেলে তিনি সব ঘটনা খুলে বলেন। এরপর ১৩ ফেব্রুয়ারি তাঁর বাবা লিখিত আকারে এ বিষয়ে কারা মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কারা মহাপরিদর্শকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তা ছাড়া ওই বন্দীকে সাকা চৌধুরীর কাছ থেকে সরিয়েও নেওয়া হয়। কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পার্ট-১-এর জেলার মো. নেছার আলম জানান, অভিযোগের ব্যাপারে সম্প্রতি তদন্ত করা হলেও প্রতিবেদন তৈরি শেষ হয়নি। ওই সেবককে সাকা চৌধুরীর কক্ষ থেকে জানুয়ারির শেষ দিকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাঁকে ময়মনসিংহ কারাগারে স্থানান্তর করা হয়েছে।এ ব্যাপারে কথা বলতে কারা তত্ত্বাবধায়ক জামিল আহমেদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।মামলার বাদী বলেন, ‘ছেলের চিঠি পেয়ে আমি কারাগারে আসি। তখন সে আমাকে নির্যাতনের কথা জানায়। পরে আমি থানায় মামলা করতে যাই, থানায় মামলা না নেওয়ায় আদালতে ওই মামলা দায়ের করি।’