সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত সাংবাদিক নিজাম উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ। বিজয় দিবসের ৪০তম বার্ষিকী উদযাপনের প্রাক্কালে বিএনপির নেতা সাকা চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করার পর নিজাম উদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার বাসসকে এ কথা বলেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডাকলে আমি সত্য তুলে ধরতে প্রস্তুত রয়েছি।’কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাথমিক দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের পক্ষ নেওয়ার কারণে তিনি কীভাবে চৌধুরী পরিবারের রোষের শিকার হয়েছিলেন, তা বর্ণনা করতে চান। নিজাম তখন কলেজ ছাত্র ছিলেন বলে জানান। তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে যোগ দিতে তাঁরা যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সেই মুহূর্তে ১৯৭১ সালের ৫ জুলাই সন্ধ্যায় চৌধুরীর একদল সহযোগী তাঁদের হাজারীবাগ বাসভবনে হানা দেয়।নিজাম উদ্দিন আহমেদ বলেন, দুই বন্ধুসহ তাঁকে সাকা চৌধুরীর বাবা সাবেক পাকিস্তানের স্পিকার ফজলুল কাদের চৌধুরীর (ফকা) গুডস হিলের বাসায় নিয়ে যাওয়া হলে তিনি নিজে তাঁকে নির্যাতন করেন। পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত তিনি এবং তাঁর সহযোগীরা সারা রাত ধরে তাঁকে নৃশংসভাবে নির্যাতন করেন।নিজাম উদ্দিন বলেন, ‘সম্ভবত আমি একজন ভাগ্যবান ব্যক্তি, কেননা, চৌধুরী ও পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের পরেও আমি বেঁচে গেছি। পরে আমাকে চট্টগ্রাম কারাগারের একটি কনডেম সেলে রাখা হয়। মুক্তিযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমি সেখানেই যন্ত্রণা ভোগ করেছি।’সাকা চৌধুরীর নির্যাতনের শিকার বেশকিছু লোকের সাক্ষ্য মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে চলে আসার প্রেক্ষাপটে নিজাম উদ্দিন আহমদ এ কথা বললেন।সাকা চৌধুরীর বিরুদ্ধে বিশেষ করে চট্টগ্রামের বিখ্যাত কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক বিশিষ্ট সমাজসেবক নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে, সাকা চৌধুরী নূতন চন্দ্র সিংহের বাড়িতে একদল পাকিস্তানি সেনা নিয়ে যান। তবে তাঁর সঙ্গে কথা বলার পর পাকিস্তানি সেনারা তাঁকে অক্ষত অবস্থায় রেখে ফিরে যেতে উদ্যত হয়। কিন্তু বর্তমান বিএনপি নেতা সালাউদ্দিন কাদের তাঁকে হত্যা করার জন্য তাদের পীড়াপীড়ি করেন।