সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য ২০ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি ও তাঁর আইনজীবীরা উপস্থিত না থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ হয়নি।আজ এই মামলার প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের জেরার দিন ধার্য ছিল।সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হয়। আসামি সাকা চৌধুরী ও তাঁর আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত না থাকলেও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা উপস্থিত ছিলেন। পরে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের তারিখ ২০ মে ধার্য করেন।ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। গাজীপুর কারা কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে বলা হয়েছে, পর্যাপ্ত পুলিশ না থাকায় আসামিকে পাঠানো যায়নি। এ ছাড়া বিরোধী দলের ডাকা হরতালে রাস্তায় কিছু অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকলেও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা উপস্থিত আছেন। আসামি পক্ষের আইনজীবীদের উপস্থিত থাকা উচিত ছিল। পরবর্তী তারিখে প্রয়োজনে পুলিশের সহায়তায় তাঁদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। আসামি পক্ষের জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দেওয়া হলো।এদিকে আজকের মধ্যে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় আসামি পক্ষের সাক্ষীর তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়ার নির্দেশ ছিল। এই তালিকা ও নথিপত্র কেন নির্ধারিত দিনে জমা দেওয়া হলো না, এ বিষয়ে আগামী রোববারের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্যও আসামি পক্ষকে নির্দেশনা দেন ট্রাইব্যুনাল।এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায়ও আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এই মামলার ক্ষেত্রেও অনুরূপ আদেশ দেন ট্রাইব্যুনাল। এ বিষয়ক আদেশে ট্রাইব্যুনাল আরও বলেন, যদিও আসামি পক্ষের দুই-তিন আইনজীবীকে ট্রাইব্যুনালের বাইরে দেখা যাচ্ছে, কিন্তু তাঁরা ভেতরে আসেননি। এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখও ২০ মে ধার্য করা হয়।রাস্তাঘাটে প্রতিকূল পরিস্থিতির সত্ত্বেও আজ উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান ট্রাইব্যুনাল।