মানবতাবিরোধী অপরাধের বিচার
সাকা চৌধুরীর বিরুদ্ধে স্বল্প সময়ে প্রতিবেদন দেবে তদন্ত দল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রতিবেদন স্বল্পতম সময়ে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তকালে তাঁর বিরুদ্ধে যেসব আলামত ও তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তা এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট বলে মনে করছে তদন্ত সংস্থা।একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত এই ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায়। সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত জানান, ইতিহাস ও তথ্য-উপাত্ত বলছে, সাকা চৌধুরী পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি নানা জায়গায় পথ দেখিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে গেছেন। পাকিস্তানি সেনাবাহিনী খুন করেছে। সালাউদ্দিন কাদের নিজেও খুন করেছেন।চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরের গুডস হিলে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িটি নির্যাতনকেন্দ্র ছিল। সাকা চৌধুরীর পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধেও তদন্তকাজ চলছে।১৫ জানুয়ারি থেকে চার সদস্যের এই তদন্ত দল চট্টগ্রামের প্রায় আটটি স্থানে তদন্ত শেষে গতকাল এই সংবাদ সম্মেলন করে। রানা দাশগুপ্ত ছাড়া তদন্ত দলের অপর তিন সদস্য হলেন এএসপি নুরুল ইসলাম, পুলিশের পরিদর্শক এস এম ইদ্রিস আলী ও পরিদর্শক মো. ওবায়দুল্লাহ।এর আগে তদন্ত দল আরও দুই দফা সাকা চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে চট্টগ্রাম আসে।রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা গত পাঁচ দিনে বিভিন্ন ঘটনাস্থলে গেছি, নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি এবং বিভিন্নজনের সাক্ষ্য নিয়েছি। এই ঘটনাস্থলগুলোতে শান্তির বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। আমাদের তদন্তকাজ অনেক দূর এগিয়েছে এবং তদন্তে অগ্রগতি হচ্ছে। আমরা জব্দ তালিকামূলে আলামত জব্দ করেছি। ঘটনাস্থলগুলোর ছবিও নিয়েছি। তদন্ত অব্যাহত থাকবে। সম্ভাব্য স্বল্পতম সময়ে তদন্ত প্রতিবেদন পেশ করা হবে।’ তিনি বলেন, সুষ্ঠু বিচারের জন্য সুষ্ঠু তদন্ত দরকার। তদন্তকারী সংস্থা এ বিষয়ে সজাগ ও সচেতন। তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের কাছে পেশের পরই বিচারকাজ শুরু হবে।এএসপি নুরুল ইসলাম বলেন, এই তদন্ত শুধু চট্টগ্রামে নয়, দেশব্যাপী বিস্তৃত। কারণ, তখনকার অনেক সাক্ষী এখন চট্টগ্রামে নেই। হয়তো বিদেশেও রয়েছেন। তিনি বলেন, ‘একাত্তরে গণহত্যা এত ব্যাপক ছিল যে তদন্তকালে অনেক সাক্ষী আমাদের কাছে সাক্ষ্য দেওয়ার সময়ও নিরাপত্তা দাবি করছেন। আমরা তাঁদের সে বিষয়ে আশ্বস্ত করেছি।’নুরুল ইসলাম বলেন, ‘গুডস হিলে নির্যাতনকেন্দ্র ছিল। এখানে নির্মমভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এটিসহ মহানগর ও জেলায় যেসব অপরাধ ঘটেছে, তার যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছি। আরও যাঁরা এ অপরাধে জড়িত, তাঁদের নামও আমরা সাক্ষীদের কাছ থেকে নিয়েছি। মীর কাশেম আলীর বিরুদ্ধে অপরাধের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে তদন্ত অব্যাহত আছে। আরও নাম আছে। পর্যায়ক্রমে সব নাম আসবে।’এক প্রশ্নের জবাবে রানা দাশগুপ্ত বলেন, ‘সুষ্ঠু তদন্ত হলেই সুষ্ঠু বিচার হবে। দেশে বা বিদেশে সব সাক্ষীর সাক্ষ্য যে নিতে হবে, আইন সে কথা বলে না। মামলা প্রমাণের জন্য যতটুকু সাক্ষ্য নেওয়া প্রয়োজন, ততটুকু নেব।’ তিনি বলেন, ‘জনগণও চাইছে তাড়াতাড়ি বিচার হোক। জনগণের আকাঙ্ক্ষার দিক বিবেচনায় রেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু একটি তদন্ত প্রতিবেদনের জন্য যতটুকু সময় প্রয়োজন, আমরা তাকে স্বল্প সময় বলছি। আমরা কোনো নির্ধারিত তারিখ দিচ্ছি না।’সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার তদন্ত দলের চট্টগ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা। পর্যায়ক্রমে অন্যদের বিরুদ্ধেও তদন্ত করা হবে।