বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৮ জুলাই (রোববার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ আদেশ দেন।আদেশে বলা হয়, ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত তিন কার্যদিবসে রাষ্ট্রপক্ষকে যুক্তি উপস্থাপন শেষ করতে হবে। ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চার কার্যদিবসে আসামিপক্ষ যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। যুক্তি উপস্থাপনের এ সময়সীমা দুই পক্ষকেই মেনে চলতে হবে।গতকাল ছিল এ মামলায় আসামিপক্ষের চতুর্থ ও পঞ্চম সাক্ষী হাজির করার ‘দ্বিতীয় শেষ সুযোগ’। মামলার কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আবেদন জানিয়ে বলেন, তাঁরা আসামিপক্ষের তালিকাভুক্ত চতুর্থ সাক্ষী শিল্পপতি সালমান এফ রহমানের পরিবর্তে সাবেক কূটনীতিক আবদুল মোমেন চৌধুরীকে চতুর্থ সাক্ষী হিসেবে হাজির করতে চান। ট্রাইব্যুনাল বলেন, দুপুর ১২টার মধ্যে সাক্ষী হাজির করতে পারলে আসামিপক্ষকে সাক্ষ্য গ্রহণের সুযোগ দেওয়া হবে। আসামিপক্ষ এক হাজার ১৫৩ জন সাক্ষীর তালিকা দিয়েছে, অথচ মাত্র পাঁচজন সাক্ষী হাজির করতে পারছে না।তবে আসামিপক্ষকে সাক্ষী হাজিরের জন্য সময় দেওয়ার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলে, এই সাক্ষী আসামিপক্ষের দাখিলকৃত এক হাজার ১৫৩ জন সাক্ষীর তালিকাভুক্ত নন। এ জন্য আইন অনুসারে তাঁর সাক্ষ্য গ্রহণ সম্ভব নয়। তবে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আরজি খারিজ করে দেন।দুপুরে আসামিপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আবদুল মোমেন চৌধুরী (৭৪)। জবানবন্দিতে তিনি বলেন, ১৯৮৫ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে পাকিস্তান দূতাবাসের থার্ড সেক্রেটারি হিসেবে যোগ দেন। একাত্তরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সরকার তাঁকে সিরিয়া থেকে তানজানিয়ায় বদলি করে। এপ্রিলের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তিনি ছুটি নিয়ে ঢাকায় ফেরার উদ্দেশে করাচি যান। করাচিতে তিনি গার্ডেন রোডে কেন্দ্রীয় সরকারি হোস্টেলে বন্ধু আবদুল জলিলের সঙ্গে আনুমানিক দুই সপ্তাহ ছিলেন। ওই সময় সিভিল সার্ভিসে তাঁর ব্যাচমেট হাবিবুন নবী আশিকুর রহমান সিন্ধু সরকারের অধীনে কর্মরত ছিলেন। একদিন তিনি আশিকুরের কার্যালয়ে গিয়ে এক ভদ্রলোককে বসে থাকতে দেখেন। আশিকুর ওই ভদ্রলোকের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়ে বলেন, তাঁর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী।জবানবন্দি শেষে মোমেন চৌধুরীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। জেরার সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে কয়েক দফা বাদানুবাদ হয়।মোমেন চৌধুরীর সাক্ষ্য গ্রহণ শেষে ফখরুল ইসলাম আরজি জানান, আসামিপক্ষের পঞ্চম সাক্ষী সুপ্রিম কোর্টের বিচারপতি শামীম হাসনাইনের সাক্ষ্য গ্রহণের জন্য ২৮ জুলাই দিন ধার্য করা হোক। তবে ট্রাইব্যুনাল এ আরজি খারিজ করে আদেশে বলেন, আসামিপক্ষকে চতুর্থ ও পঞ্চম সাক্ষী হাজিরের জন্য দ্বিতীয়বারের মতো শেষ সুযোগ দেওয়া হয়েছিল বুধবার (গতকাল)। তার পরও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ন্যায়বিচারের স্বার্থে তালিকার বাইরে একজন সাক্ষীকে আনার সুযোগ দেওয়া হয়েছে। আগের আদেশে (২৩ জুলাই) বলা হয়েছে, বিচারপতি শামীম হাসনাইন সাক্ষ্য দেবেন কি না, এ বিষয়টি ট্রাইব্যুনালের কাছে স্পষ্ট নয়। এ পরিস্থিতিতে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে যুক্তি উপস্থাপনের জন্য ২৮ জুলাই দিন ধার্য করা হলো।