সাকা চৌধুরীর সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে আজ শুক্রবার নারায়ণগঞ্জ কারাগারে তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা দেখা করেছেন। আজ বিকেল সাড়ে তিনটার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, দুই ছেলে ফয়েজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী এবং বড় ছেলের স্ত্রী তানিয়া আহমেদ কারাগারে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোস্তাফিজুর রহমান জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করার আবেদন জানালে তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়। শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল জানান, কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। অনুমতি পাওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে নারায়ণগঞ্জ কারাগারে যান। সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী মিনহাজউদ্দিন শিপলু জানান, পরিবারের সদস্যরা কারাগারে সাকা চৌধুরীর সঙ্গে ১০-১৫ মিনিটের মতো কথা বলেছে। তিনি তাঁদের আইনগতভাবে মামলা মোকাবিলা করার জন্য বলেছেন।উল্লেখ্য, গতকাল বিকেলে বিএনপির নেতা সাকা চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।