সাকা চৌধুরীর সব আবেদনই খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা ছয়টি আবেদনের সব ক’টিই খারিজ করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২০ মার্চ দিন ধার্য করা হয়।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ আদেশ দেন।আজ সাকা চৌধুরীর পক্ষে করা ছয়টি আবেদনের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। সব আবেদনই খারিজ করা হয়। এগুলো হলো—ট্রাইব্যুনালের কার্যক্রমে দালাল আইনের সন্নিবেশ, সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চেয়ে নির্দেশনা, ট্রাইব্যুনালের কার্যক্রমে আন্তর্জাতিক সনদ মেনে চলা, জামিন আবেদন, আনুষ্ঠানিক অভিযোগ থেকে ছয়টি অভিযোগ প্রত্যাহার এবং কাশিমপুর-২ কারাগার থেকে সাকা চৌধুরীকে অন্য যেকোনো কারাগারে বদলি।ট্রাইব্যুনাল আদেশের সময় বলেন, এ আবেদনগুলো একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। বিচারকাজ দীর্ঘায়িত করার জন্য এসব করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।