সাকা চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গোয়েন্দা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মহানগর হাকিম নজরুল ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। এর আগে আজ বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা রাজধানীর বনানী এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন। গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম জানান, ২৬ জুন বিএনপি-সমর্থিত হরতালে রমনা থানায় দায়ের করা একটি গাড়ি পোড়ানো ও ফারুক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রথমে সেনানিবাস থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ বোধ করলে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য গতকাল বুধবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে আইনজীবী প্যানেল। আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার সদস্যরা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ শাহিনুল ইসলামের মাধ্যমে এ আবেদন জমা দেন।