বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আত্মগোপনে থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।সাকা চৌধুরীকে গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে ঢাকার মগবাজারে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।এর আগের দিন বুধবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়, যার শুনানি হবে আগামী রোববার। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল সকালে রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। এর পরই পুলিশ পদক্ষেপ নিয়েছে। এদিকে গ্রেপ্তারের পর সাকা চৌধুরীর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে তাঁর পরিবার ও বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়। তবে পুলিশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। সাকা চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে আগামী রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। সাকা চৌধুরীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বের করার সময় বিএনপির সমর্থক আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির সাংসদ শাম্মী আক্তার, আইনজীবী সুজন মাহমুদ ও ছাত্রদলের নেতা নাসরিনকে আটক করে পুলিশ। পরে প্রিজনভ্যানে করে ডিবি কার্যালয়ে নেওয়ার পথে সাকাকে লক্ষ্য করে ছাত্রলীগের কর্মীরা জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেন।যেভাবে গ্রেপ্তার: পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের জন্য সাকা চৌধুরীকে বেশ কিছুদিন থেকে নজরে রাখা হচ্ছিল। বিষয়টি আঁচ করতে পেরে তিনি নানাভাবে নিজেকে আড়াল করার চেষ্টা করে আসছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ তাঁর ধানমন্ডির বাসায় অভিযান চালায়। কিন্তু তাঁকে পায়নি। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছিল না পুলিশ। বুধবার রাতে পুলিশ জানতে পারে, বনানীর এ ব্লকের ২৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে সাকা চৌধুরী আত্মগোপন করে আছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই ফ্ল্যাটে আসেন। রাত ১১টা থেকে পুলিশ ওই ফ্ল্যাটের চারপাশে অবস্থান নেয়। রাত তিনটায় র্যাব ও ডিবির যৌথ একটি দল ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে।অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটে প্রবেশের পর সাকা চৌধুরী পুলিশ সদস্যদের বকাঝকা করতে শুরু করেন। তিনি সরকারকেও ভর্ৎসনা করেন। তাঁকে গ্রেপ্তারের বৈধ কোনো কাগজপত্র আছে কি না, তাও জানতে চান। একপর্যায়ে র্যাব-পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সাকা চৌধুরীর উত্তপ্ত কথাবার্তা ও হাতাহাতি হয় বলে ওই কর্মকর্তা জানান। ভোর সাড়ে তিনটার দিকে সাকা চৌধুরীকে ক্যান্টনমেন্ট থানা হাজতে নেওয়া হয়। ওই হাজতে থাকা অবস্থায় তিনি হইচই করেন বলে পুলিশ সূত্র জানায়। সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। বেলা দুইটার পর তাঁকে আদালতে নেওয়া হয়। ডিবি কার্যালয়ের সামনে পরিবার: সাকা চৌধুরীকে গ্রেপ্তারের খবর শুনে গতকাল সকাল আটটার দিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে যান তাঁর পরিবারের সদস্যরা। তবে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এর পরপরই সেখানে হাজির হন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাহবুবউদ্দিন খোকন ও ফখরুল ইসলাম। ডিবি কার্যালয়ের সামনে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামীকে নির্যাতন করা হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসককে উদ্ধৃত করে তিনি বলেন, তাঁর স্বামীর মুখের ডান দিক ফুলে গেছে। জামায় রক্তের দাগ রয়েছে। এ সময় ফরহাত কাদেরের সঙ্গে তাঁর দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী, ফাইয়াজ কাদের চৌধুরী ও মেয়ে ফারজিত কাদের ছিলেন। ফাইয়াজ কাদের চৌধুরী বলেন, ‘আমরা জেনেছি, গ্রেপ্তারের পর বাবা অসুস্থ হয়ে পড়েছেন।’যে মামলায় গ্রেপ্তার: সাকা চৌধুরীকে আদালতে পাঠানোর পর ডিবি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, বিএনপির ডাকা হরতালের আগের দিন গত ২৬ জুন মগবাজার রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দগ্ধ হয়ে ফারুক হোসেন নামের একজন মারা যান। এই মামলায় সাকা চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।এ আগে একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরীসহ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় গ্রেপ্তার করা জামায়াতের নেতাদের পরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। সাকা চৌধুরীর ক্ষেত্রেও এ প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে। বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, সাকা চৌধুরীর বলিষ্ঠ কণ্ঠস্বর স্তব্ল করার চক্রান্ত বাস্তবায়নের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির মহাসচিবের দাবি, সাকা চৌধুরী সংসদে ও সংসদের বাইরে সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যা বিশ্বাস করতেন, তা-ই বলতেন। এটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আইনকে তোয়াক্কা না করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জাতিসংঘসহ দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোকে এ বর্বরোচিত আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সাকার মেয়ের সংবাদ সম্মেলন: সাকা চৌধুরীর বড় মেয়ে ফারজিত কাদের চৌধুরী পৃথক এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ডিবি কার্যালয়ে তাঁর বাবার ওপর নির্যাতন করা হয়েছে। শরীরে ব্লেডের আঁচড় আছে। পায়ের আঙুলের নখ তুলে ফেলা হয়েছে। তিনি বলেন, কোনো ওয়ারেন্ট ছাড়া এভাবে আটক সভ্য দেশের আচরণ হতে পারে না।ফারজিত কাদের বলেন, তাঁর বাবাকে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারের জন্য ১৯ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই সময় পর্যন্ত সরকার অপেক্ষা করল না। তাহলে কি সরকার মনে করছে যেসব প্রমাণ আছে তা গ্রেপ্তারের জন্য যথেষ্ট নয়? তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। কিন্তু তা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।’ এদিকে সাকা চৌধুরীকে গ্রেপ্তার করায় ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলে মিষ্টি বিতরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ কয়েকটি সংগঠন।