সাকাকে নিয়ে সংসদে ফিরতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের মামলায় আটক সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নিয়ে সংসদে যোগ দিতে চায় বিএনপি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল রোববার স্পিকার আবদুল হামিদকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।স্পিকারের সঙ্গে আধা ঘণ্টার বৈঠক শেষে বিকেলে জয়নাল আবদিন সাংবাদিকদের জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীকে সংসদে যোগদানের সুযোগ দেওয়ার বিষয়ে স্পিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। স্পিকারের কাছে দেওয়া চিঠিতে সংসদের চলতি অধিবেশনেই সালাউদ্দিন কাদের চৌধুরীর যোগদান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। জয়নাল আবদিন জানান, সংসদ অধিবেশনে সাকা চৌধুরীর অনুপস্থিতি ৯০ কার্যদিবস অতিক্রম করেনি। তাই আপাতত তাঁর সদস্যপদ বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই স্পিকার সাকা চৌধুরীকে নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন।সাকা চৌধুরীর সংসদে যোগদানের প্রয়োজনীয়তার বিষয়ে জয়নাল আবদিন বলেন, ‘সহকর্মীকে ছাড়া আমরা কেন সংসদ যাব? স্পিকার ইচ্ছে করলেই তাঁর সংসদে যোগদানের ব্যবস্থা করতে পারেন। হুসেইন মুহম্মদ এরশাদ সাজাপ্রাপ্ত আসামি হয়েও সপ্তম সংসদে যোগ দিয়েছিলেন। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগপত্রও গঠন হয়নি। তাঁর সংসদে আসতে বাধা কোথায়?’বিএনপি সংসদে কবে যোগ দেবে জানতে চাইলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার একতরফাভাবে পাঁচ বছর সংসদ চালাবে; আর আমরা মাঝেমধ্যে সংসদে হাজিরা দিয়ে সদস্যপদ রক্ষা করলাম; এটা সুস্থ সংসদীয় চর্চা হতে পারে না। সরকার আমাদের আন্তরিকতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে। সে জন্য স্পিকারের সঙ্গে বিরোধী দলের সংসদে ফেরার পরিবেশ নিশ্চিত করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমি স্পিকারকে বলেছি, সংসদে জিয়াউর রহমানকে গালিগালাজ করা বা তাঁকে নিয়ে কটূক্তি করা অন্তত বন্ধ করতে হবে। আমাদের অন্য দাবিগুলোর ব্যাপারেও সরকারের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছি। স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দল সংসদের এ অধিবেশনে ফিরে আসবে বলে আশা করি।’ তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বর্তমানে কারাগারে বন্দী। তাঁর ব্যাপারে বিরোধী দলের দাবির আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। তবে সদস্যপদ চলে যাওয়ার মতো সংসদে টানা অনুপস্থিতি তো এখনো সালাউদ্দিন কাদের চৌধুরীর হয়নি।’নবম জাতীয় সংসদে ১৭৪ কার্যদিবসের মধ্যে সালাউদ্দিন কাদের মাত্র ১৮ দিন উপস্থিত ছিলেন। সংসদে তাঁর টানা অনুপস্থিতি ৪৮ দিন।সাকা চৌধুরীও সংসদে যোগদানের ইচ্ছা পোষণ করে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, আবেদনটি ২৬ জানুয়ারি কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত সেটি সংসদে পৌঁছায়নি।এর আগে গত ২২ ডিসেম্বর জয়নাল আবদিন স্পিকারকে দেওয়া এক চিঠিতে অভিযোগ করেছেন, সাকা চৌধুরীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। চিঠিতে নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের কাছে দাবি জানানো হয়। বিরোধীদলীয় চিফ হুইপ গতকাল সেই চিঠির জবাব পেয়েছেন। তাতে বলা হয়েছে, নির্যাতনের ব্যাপারে আদালত বা কর্তৃপক্ষ বরাবর প্রতিকার প্রার্থনার সুযোগ থাকায় এ বিষয়ে স্পিকারের উদ্যোগ নেওয়ার সুযোগ নেই।