সাকার অভিযোগ আমলে নিয়ে শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবিধি অনুসারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ ও ওকালতনামায় স্বাক্ষরের সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে আগামী ১৭ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। স্বাক্ষর করা ওকালতনামা শুনানির জন্য সংশ্লিষ্ট আইনজীবীকে উপস্থাপন করতেও বলা হয়।গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ সাকা চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গতকাল প্রথমবারের মতো সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে আটক রাখার আবেদনের ওপর শুনানির কথা থাকলেও শুনানি হয়নি। আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি—সাকা চৌধুরীর এমন অভিযোগের পর ট্রাইব্যুনাল শুনানি মুলতবি করেন এবং আগামী ১৭ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালে দফায় দফায় সাকা চৌধুরী বক্তব্য দেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনাল পরে সুযোগ দেওয়ার কথা জানান। তবে ট্রাইব্যুনালের সদস্যদের এজলাস ত্যাগের পর সালাউদ্দিন কাদের চৌধুরী অভিযোগ করেন, ‘আমার ওপর অত্যাচার হয়েছে। নিরাপত্তা হেফাজতে নির্যাতন চালানো হয়েছে।’মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে আটক রাখার নির্দেশনা চেয়ে এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীর (প্রসিকিউটর) আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ৩০ ডিসেম্বর তাঁকে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন। গতকাল সকাল আটটার দিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। সাড়ে ১০টার দিকে এজলাসে নিয়ে যাওয়া হয় তাঁকে। এজলাস কক্ষে তাঁর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, মেয়ে ও ছেলেরা উপস্থিত ছিলেন।সাকা চৌধুরীর শুনানিকে কেন্দ্র করে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট অঙ্গনে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। নির্ধারিত পাস নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ট্রাইব্যুনালে ঢুকতে হয়। তবে এ নিয়ে বিএনপির সমর্থক আইনজীবীদের সঙ্গে ট্রাইব্যুনালের কর্মকর্তাদের বচসা হয়েছে। হইচই ও হট্টগোল করেন আইনজীবীরা।এজলাসে আসন গ্রহণের পর: সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও অপর দুই সদস্য এজলাসে আসন গ্রহণের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মি. অ্যাটর্নি জেনারেল, আমাদের কিছু কথা আছে। এখানে আসন কম। আমরা শুরুতেই নির্দেশনা দিয়েছি, প্রসিকিউশন পক্ষে ১০ জন ও আসামিপক্ষে ১০ জন আইনজীবী, কিছু সাংবাদিক ও পর্যবেক্ষকের জন্য আসন থাকবে। অথচ আজ (বৃহস্পতিবার) এখানে যা হলো, তাতে আমরা খুবই দুঃখিত। সিসিটিভি ক্যামেরায় দেখেছি, আমার অফিসারদের সঙ্গে কী আচরণ করা হয়েছে! তাঁদের কাছ থেকে কার্ড (প্রবেশের অনুমতি কার্ড) কেড়ে নেওয়া হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা অকল্পনীয়। আমরা চাইলে আইন অনুযায়ী তাঁদের কারাগারে পাঠাতে পারতাম।’ ট্রাইব্যুনালের চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা এখানে ছেলেখেলা খেলতে আসিনি। এখানে সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য এসেছি। আল্লাহ-প্রদত্ত দায়িত্ব।’অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জবাবে বলেন, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে আইনজীবীদের একটি তালিকা নেওয়া যেতে পারে। তালিকা অনুযায়ী আইনজীবীদের ছবিযুক্ত পরিচয়পত্র তৈরি করা যেতে পারে।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘একেক দিন একেকজন অভিযুক্ত ব্যক্তি আসেন। তাঁদের আইনজীবীও আলাদা। এ কারণে আমরা প্রতিদিন পাস দেওয়ার পদ্ধতি করেছিলাম। এত দিন কোনো সমস্যা হয়নি। আজ কেন সমস্যা হলো? একজন সম্মানিত ব্যক্তি ডকে উপস্থিত আছেন। আমরা আগেই বলেছিলাম, এ আইন নতুন। আমরাও নতুন। আমরা শিখছি। আইনজীবীরাও শিখছেন।’এই পর্যায়ে সব আইনজীবীর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল দুঃখ প্রকাশ করেন। ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা চাইলে ব্যবস্থা নিতে পারি। কিন্তু সবার সাহযোগিতা চাই। সবার সাহায্য দরকার। যেন ন্যায়বিচার করতে পারি।’সাকার বক্তব্য দেওয়ার চেষ্টা: ১০টা ৪০ মিনিটে কাঠগড়ায় দাঁড়ানো সাকা চৌধুরী ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমার কোনো আইনজীবী নেই।’ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘আপনি বসুন। আপনার আইনজীবী আছে। আপনার স্বাক্ষরিত ওকালতনামা জমা দেওয়া আছে।’ সাকা চৌধুরী বলেন, ‘আমার সঙ্গে কারাগারে কোনো আইনজীবীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।’ ট্রাইব্যুনাল পুনরায় তাঁকে বসতে বললে সাকা চৌধুরী বলেন, ‘আইন ও সংবিধান অনুযায়ী আমার ন্যূনতম অধিকার দিতে হবে। আমাকে বলতে দিতে হবে। আমার ওপর অত্যাচার হয়েছে।’ বিচারপতিকে উদ্দেশে করে সাকা বলেন, ‘আপনি হাইকোর্টের বিচারপতি। আপনি সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। সংবিধান অনুযায়ী আমার যতটুকু মৌলিক অধিকার, সেটুকু প্রয়োগের সুযোগ দিতে হবে।’ এই পর্যায়ে সাকার পক্ষে আইনজীবী ফখরুল ইসলাম বলেন, ‘আমার কাছে দেওয়া ওকালতনামায় তিনি (সাকা চৌধুরী) গ্রেপ্তার হওয়ার আগে স্বাক্ষর করেছেন। গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি।’ট্রাইব্যুনাল বলেন, তাহলে তাঁর (সাকা চৌধুরী) লিগ্যাল ওকালতনামা প্রয়োজন। তখন সাকা চৌধুরী বলেন, ‘আদালত স্বীকার করে নিয়েছেন, আমার কোনো বৈধ ওকালতনামা নেই।’ এই পর্যায়ে ট্রাইব্যুনাল আবারও তাঁকে বসতে বলেন। জবাবে সাকা চৌধুরী বলেন, ‘আপনাকে বিব্রত করতে চাই না।’ এরপর ট্রাইব্যুনাল আদেশ দেওয়া শুরু করলে সাকা চৌধুরী বলেন, ‘আমাকে না শুনেই আদেশ দেবেন?’ ট্রাইব্যুনাল বলেন, ‘আদেশ আপনার পক্ষেই হবে।’ একপর্যায়ে সাকা চৌধুরী বলেন, ‘লেখেন, সিটিং মেম্বার অব পার্লামেন্ট।’ শেষ পর্যায়ে ‘দুটি কথা বলব’ উল্লেখ করে সাকা চৌধুরী বলেন, ‘টর্চারের কারণে আমার চিকিৎসা প্রয়োজন। আমি ১৫ দিন ধরে বিস্কুট-পানি খেয়ে আছি। কারা কর্তৃপক্ষ কারাবিধি মানছে না।’ট্রাইব্যুনাল বলেন, আপনার আইনজীবী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এরপর এজলাস ত্যাগ করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা।এজলাস ত্যাগের পর: বিচারপতিদের এজলাস ত্যাগের পর ১০টা ৫৫ মিনিটে উপস্থিত সাংবাদিক, আইনজীবী ও পরিবারের সদস্যদের উদ্দেশে সাকা চৌধুরী বলেন, ‘পুলিশ নয়, আমার ওপর নির্যাতন চালিয়েছে ডিজিএফআই ও র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা। আমার নাকে আঘাত করা হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। সংবিধান ও আইন অনুযায়ী আমার যে প্রটেকশন পাওয়ার কথা, সেই প্রটেকশন আমি পাচ্ছি না। আমাকে লিগ্যাল পেপার দেওয়া হচ্ছে না। বর্তমান সরকার কারজাই সরকার। আমি ৩২ বছর ধরে সংসদ সদস্য। আমি আমার মৌলিক অধিকার রক্ষা করতে পারছি না, অন্যের মৌলিক অধিকার আমি কীভাবে রক্ষা করব?’আইনজীবীদের ট্রাইব্যুনালে প্রবেশ প্রসঙ্গে সাকা চৌধুরী বলেন, ‘প্রয়োজনে ৫০০ কেন, পাঁচ হাজার আইনজীবী আসবে। প্রয়োজনে কারওয়ান বাজারে, পল্টন ময়দানে বিচার হবে। আমি সংসদ ভবনেও ক্যাঙ্গারু কোর্ট দেখেছি (১/১১ পর)।’ পরে ট্রাইব্যুনাল থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সাকা চৌধুরী উচ্চ স্বরে বলেন, ‘এই কারজাই সরকারকে মানি না।’ সর্বশেষ বেলা ১১টার দিকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় তিনি নারায়ে তাকবির, আল্লাহু আকবর বলে স্লোগান দেন।এজলাস কক্ষে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ ছাড়াও প্রসিকিউশনের অন্য সদস্য এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সাকা চৌধুরীর পক্ষে গোলাম কিবরিয়া, গোলাম মোহাম্মদ চৌধুরী, কাজী মো. জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় মার্কিন দূতাবাসের পক্ষে সহকারী রাজনৈতিক বিশ্লেষক লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন। দুই পক্ষের বক্তব্য: গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, বিচারালয়ে আজ যে ঘটনা ঘটেছে, তা ব্যতিক্রমী। ট্রাইব্যুনাল আপ্রাণ চেষ্টা করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সাকা চৌধুরী যেভাবে ট্রাইব্যুনালের সামনে যা করেছেন, তা অস্বাভাবিক। সাধারণত এ ধরনের আচরণ বরদাশত করা হয় না।ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘প্রসিকিউশনের পক্ষে অ্যাটর্নি জেনারেলসহ ২৯ জন আইনজীবী ছিলেন। অথচ আমাদের আইনজীবীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।’