সাকার আইনজীবীকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, গতকাল রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষী অধ্যাপক আনিসুজ্জামানকে সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম মিথ্যাবাদী বলে উল্লেখ করেন। এ সময় ট্রাইব্যুনাল তাঁকে ভাষার বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিলেও পরে তিনি কার্যক্রম শেষ হলে সাংবাদিকদের সামনে আবারও তাঁকে মিথ্যুক বলে উল্লেখ করেন। এ বিষয়টি ফখরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ট্রাইব্যুনালে তিনি যে কথা বলেছিলেন, বাইরেও একই ধরনের কথা বলেছেন। ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করায় ফখরুল ইসলামের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে ২৭ মের মধ্যে ট্রাইব্যুনালের হাজির হয়ে তাঁর জবাব দিতে হবে। তিনি যদি ওই দিন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জবাব দিতে ব্যর্থ হন, তাহলে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হবে। সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াদ আল মালুম বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনেন। এ সময় তিনি তাঁর বক্তব্যের পক্ষে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উল্লেখ করেন। তারপর ট্রাইব্যুনাল আদেশ দেন।এরপর সাকা চৌধুরীর আরেক আইনজীবী আহসানুল হক দ্বিতীয় দিনের মতো আনিসুজ্জামানকে জেরা করেন। একটা পর্যন্ত জেরা চলে। পরে আসামি পক্ষের আরজির পরিপ্রেক্ষিতে জেরা কাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালে সাকা চৌধুরী হাজির ছিলেন।