সাকার ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার আইজির
সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) মুক্তির দাবিতে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি। এর আগে জেলা সদরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করে। এদিকে সাকার ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। আজ সোমবার বিকেলে রাজারবাগে পুলিশের বাস্কেটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশ হেফাজতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে কোনো নির্যাতন করা হয়নি। এ বিষয়ে তাঁর পরিবার যে অভিযোগ করছে, তা ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই। তাঁর সঙ্গে আইনসংগত আচরণই করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী পাঁচ দিনের রিমান্ডে পুলিশি হেফাজতে আছেন। তাঁকে হরতালের সময় মগবাজারের গাড়ি পোড়ানো ও একটি গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করার মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিএনপির পক্ষ থেকে আজ জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে সাকা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়। এতে সাকার মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার জনসন রোডে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন। এরপর স্মারকলিপি পেশ করা হয়। এ ছাড়া নোয়াখালী, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, নীলফামারী ও রাজশাহীতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ শেষে স্মারকলিপি দিয়েছেন।