বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তার করা হচ্ছে—এমন গুজবে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের গুডস হিল এলাকায় বিক্ষোভ করেছেন দলীয় নেতা-কর্মীরা। সাকার ঘনিষ্ঠ একজন আইনজীবী তাঁর গ্রেপ্তারের গুজব ছড়িয়ে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীকে গুডস হিলের বাসার সামনে জড়ো করেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও বিষয়টি গুজব বলে দাবি করেছেন।পুলিশ সূত্র জানায়, সাকা চৌধুরীকে গ্রেপ্তারের ব্যাপারে আদালত বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আদেশ ছিল না। তাঁর ঘনিষ্ঠ একজন আইনজীবী তাঁকে গ্রেপ্তারের গুজব ছড়িয়েছেন। তাঁকে শনাক্ত করা হয়েছে। ওই আইনজীবীর ওপর নজর রাখা হবে। ভবিষ্যতে তিনি এ ধরনের কোনো কাণ্ড ঘটানোর চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘কোনো পুলিশ সদস্য গুডস হিলের বাসায় যায়নি। আর আদালতের পরোয়ানা ছাড়া পুলিশ কেন ওই বাসায় যাবে? আসলে নিছক গুজব থেকে কেউ এই কাণ্ড ঘটিয়েছে।’নগর পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সাকা চৌধুরীর একজন আইনজীবী সাংবাদিকদের ফোন করে তাঁর গ্রেপ্তারের গুজব ছড়ান। ওই আইনজীবীকে আমরা শনাক্ত করেছি। পরে আবার একই ধরনের কাণ্ড ঘটালে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’গ্রেপ্তার প্রসঙ্গে সাকা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের কয়েকজন ইতিপূর্বে আমাকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছেন। রাতে আমার বাসায় পুলিশ এল। অথচ এখন বলা হচ্ছে, এটা গুজব। পুলিশ যায়নি। এখন আমি আর এ বিষয়ে কী মন্তব্য করব।’সাকা চৌধুরী বলেন, ‘আমি হলাম বিএনপির সেন্টার ফরোয়ার্ড। এ জন্য আমার এক পা গোলের জন্য সব সময় সামনের দিকে বাড়ানো থাকবে। সরকার ভীত হয়ে আমাকে আটকাতে চাইছে। এতে আমি মোটেই বিচলিত নই, বরং পুলকিত।’পুলিশ সূত্র জানায়, সাকাকে গ্রেপ্তারের গুজব নিয়ে কিছু টিভি চ্যানেলে খবর পরিবেশিত হওয়ায় গুডস হিল এলাকায় মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত উত্তেজনা ছিল। অথচ গোয়েন্দা পুলিশ গুডস হিলের বাসা ঘেরাও করে রেখেছে বলে টিভি চ্যানেলগুলোয় মঙ্গলবার রাতে সংবাদ পরিবেশন করা হয়। ওই সময় নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ঘুমাচ্ছিলেন। আর উপকমিশনার (উত্তর) টেরিবাজারের একটি বিপণিবিতানের নিরাপত্তার কাজে ব্যস্ত ছিলেন।মঙ্গলবার রাতে সাকা চৌধুরীর গ্রেপ্তারের বিষয় নিয়ে উপকমিশনার (উত্তর) আমেনা বেগম, বিশেষ শাখার অতিরিক্ত উপপকমিশনার শামসুল হক ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরীর সঙ্গে কথা হয়। তাঁরা সাকার গ্রেপ্তারের বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেন!স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে নগরের টেরিবাজার এলাকার একটি বিপণিবিতানে আগুন লাগে। আগুন নেভানো ও লুটপাট ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা সেখানে কাজ করছিলেন। গুডস হিলের পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল। কাকতালীয়ভাবে চট্টগ্রাম কলেজ ও কাজেম আলী স্কুলের পাশে টহল পুলিশ দায়িত্ব পালন করছিল। এ কারণে গুডস হিল থেকে ওই আইনজীবী বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকদের মুঠোফোনে খবর দিয়ে সাকার গ্রেপ্তারের গুজব ছড়ান।জানা গেছে, যুদ্ধাপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হতে পারে বলে দলীয় নেতা-কর্মীদের আশঙ্কা ছিল। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে গুডস হিলের বাসায় অবস্থান করছেন। তাঁর গ্রেপ্তার ঠেকাতে দলীয় নেতা-কর্মীরা সাকা চৌধুরীকে চোখে চোখে রাখছেন।আমাদের ঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, পুলিশ মঙ্গলবার রাতে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের জন্য তাঁর চট্টগ্রামের বাড়িতে যায়নি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকা পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, সংবাদপত্র ও টিভি চ্যানেলে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের যে খবর প্রচার করা হয়েছে, তা একেবারে ভিত্তিহীন।