সাকার চিকিৎসাসংক্রান্ত স্থগিতাদেশ আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চিকিৎসাসেবা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিতই থাকছে। হাইকোর্টের আদেশে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে পক্ষদ্বয়কে হাইকোর্টের রুল শুনানির উদ্যোগ নিতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।জানা গেছে, গত ২ জানুয়ারি সাকা চৌধুরীকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী রিট আবেদনটি করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৩ জানুয়ারি তাঁকে দুই দিনের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পাঠাতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে সাকার চিকিৎসার জন্য দেশ-বিদেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে আদালত রুল জারি করেছিলেন।হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৪ জানুয়ারি চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। এই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সাকা চৌধুরীর পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। এর ওপর শুনানি গ্রহণ করে আদালত আজ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সাকা চৌধুরীর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ফখরুল ইসলাম মামলা পরিচালনা করেন।ফখরুল ইসলাম প্রথম আলোকে জানান, চেম্বার বিচারপতির স্থগিতাদেশ অব্যাহত থাকবে এবং হাইকোর্টের রুল শুনানির উদ্যোগ নিতে বলা হয়েছে।এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ কারাগারে আছেন।