সাকার জামিন নামঞ্জুর,পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৫
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ জামিন আবেদন নামঞ্জুর করেন।চট্টগ্রামের ফটিকছড়িতে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় সাকা চৌধুরীর আইনজীবী গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য একটি মিস মামলা করেন। আজ বুধবার আদালত শুনানির পর তা নাকচ করে দেন।সাকাকে গতকাল ঢাকা থেকে চট্টগ্রাম জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে জামিন আবেদন নাকচ হওয়ার পর আদালত প্রাঙ্গণে সাকা চৌধুরীর সমর্থকেরা বিভিন্ন স্ল্লোগান দিতে থাকে। বেলা একটার দিকে মামলার বাদী মো. আবু তাহের উদ্দিনসহ সাত-আটজন সাকার বিপক্ষে স্ল্লোগান দিতে থাকে। এ সময় সাকার সমর্থক শতাধিক ব্যক্তি তাহেরকে মারধর করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় সাকার সমর্থকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার জেদান আল মূসাকে মারধর করে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বাদী হয়ে গত ২১ ডিসেম্বর মামলাটি করেন।থানা সূত্র জানায়, মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের ২০ নভেম্বর ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাকা চৌধুরী বলেছেন, ‘১৫ আগস্ট জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৫ আগস্ট না হলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেত না, একদলীয় শাসনব্যবস্থার অবসান হতো না। প্রয়োজনে ১৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শেখ মুজিব হত্যার রায় জাতি মেনে নেয়নি।’ তাঁর এ বক্তব্য শেখ মুজিবুর রহমানের হত্যাকারীসহ যেকোনো হত্যাকারীদের অতি উত্সাহিত করেছে।মামলা করার বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি প্রথম আলোকে বলেছিলেন, গত বছরের ৩ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বাদুরতলা শুলকবহরের বাসিন্দা মো. আবু তাহের উদ্দিন ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে সাকা চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪ (ক)/৫০৫ ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ওই মামলা পুনরায় (উজ্জীবিত করে) দায়ের করা হয়েছে।