সাকার জামিনের আবেদন খারিজ
জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে যোগদানের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। গতকাল বুধবার সাকা চৌধুরী এ আবেদন করেছিলেন।আবেদন খারিজ করে আজ ট্রাইব্যুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন অনুসারে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের জামিন দেওয়ার কোনো বিধান নেই। সংসদে যোগদান করতে প্রয়োজনীয় আয়োজনের জন্য সাকা চৌধুরীকে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ট্রাইব্যুনালের পক্ষে কোনো আদেশ দেওয়া সম্ভব নয়। এ সময় সাকা চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতিসাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।আদেশ বলা হয়, ১৪ মে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে জেরার সময় ফখরুল ইসলাম তাঁকে ‘মিথ্যুক’ বলেন। এ সময় ট্রাইব্যুনাল যথাযথ ভাষা ব্যবহারের নির্দেশ দিলেও কার্যক্রম শেষে ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে একই কথা বলেন। এ বিষয়ে জানতে চেয়ে ট্রাইব্যুনাল তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি লিখিত জবাবে বলেন, তিনি অনিচ্ছাকৃতভাবে এ কথা বলেছেন এবং এ জন্য ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, যদি তাঁর কথায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আহত হয়ে থাকেন, তবে তাঁর প্রতি দুঃখ প্রকাশ করছেন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, ফখরুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও উচ্চশিক্ষিত মানুষ। তিনি আদেশ লঙ্ঘন করে আদালত অবমাননা করলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান না ট্রাইব্যুনাল।এ জন্য ট্রাইব্যুনাল তাঁকে সতর্ক করে দেন এবং ট্রাইব্যুনালের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সবার কাছে অনুরোধ করেন।