একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জড়িত থাকার অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ তদন্তের জন্য গঠিত সংস্থা।গতকাল মঙ্গলবার ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদে সাকার বিরুদ্ধে পাওয়া তথ্য-উপাত্ত যাচাইয়ের পর তদন্ত সংস্থা এ মন্তব্য করে। এ প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, তদন্ত সংস্থা একাত্তরে সাকার মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার যথেষ্ট ভালো তথ্য-প্রমাণ পেয়েছে। তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কি না, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।সাকার স্বভাবসুলভ আচরণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের সময় তিনি তদন্ত সংস্থার সদস্যদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছেন, অনেক চিৎকার-চেঁচামেচি করেছেন।এর আগে জিজ্ঞাসাবাদ শেষে সেফ হোমের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের হান্নান খান বলেন, ট্রাইব্যুনালের আদেশ অনুসারে সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাকা অনেক বেশি কথা বলেন, কিন্তু এর মধ্যেই অনেক সত্য বেরিয়ে এসেছে। তদন্ত সংস্থা একাত্তরে তাঁর সম্পৃক্ততার কথা জিজ্ঞাসা করেছে। তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সবকিছু ফাঁকি দেওয়া যায় না। তিনি যে সম্পৃক্ত ছিলেন, তার প্রমাণ পাওয়া গেছে।হান্নান খান বলেন, সেফ হোমের ভেতরে সাকার কোনো আইনজীবী ছিলেন না। তিনি নিজে অনেক ভালো আইন বোঝেন। তদন্ত সংস্থার দেওয়া কোনো খাবার খাননি। কারণ, তিনি অন্যের রান্না খান না। তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়নি। কারণ, তিনি কারাগারের চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছেন।ট্রাইব্যুনালের নির্দেশনা অনুসারে সেফ হোমে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত কক্ষের পাশে অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীর উপস্থিত থাকার কথা থাকলেও গতকাল তা ছিল না। তবে সেফ হোমের বাইরে সাকার আইনজীবী ফখরুল ইসলাম, সাকার স্ত্রী ও ছেলেমেয়েসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।এর আগে সকাল সোয়া নয়টার দিকে সাকা চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগার থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘১৬(২) ধারায় আমারে দিয়ে জোর করে কোনো কথা বলাতে পারবা না।’ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বেলা তিনটায় সাকাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৫ ডিসেম্বর তদন্ত সংস্থা সাকা চৌধুরীকে গ্রেপ্তার বা আটক রাখার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন করে। এর ২৪ ঘণ্টার মধ্যে সাকাকে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে আটক করা হয়। গত ১৯ এপ্রিল ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে এক দিনের জন্য সাকাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।সাঈদীকে জিজ্ঞাসাবাদ কাল: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামীকাল বৃহস্পতিবার সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।এদিকে ৮ মে মতিউর রহমান নিজামী ও সাঈদীর পক্ষে করা চারটি আবেদনের শুনানি ১৬ মে ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।