মানবতাবিরোধী অপরাধের মামলা স্থগিতে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) করা আবেদনের শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে অপরাধ আমলে নিয়ে দেওয়া আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদনের ওপরও আজ বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর এ আবেদন দুটির ওপর আদেশ দেওয়া হবে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ দুটি আবেদনের ওপর বিকেল চারটা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়।এর আগে বেলা পৌনে ১১টার দিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাকা চৌধুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রথমে ট্রাইব্যুনাল তাঁর পক্ষে করা কয়েকটি আবেদনের বিষয়ে আদেশ দেন। প্রথম আবেদনের আদেশে বলা হয়, সাকা চৌধুরী নিজেই তাঁর মামলা পরিচালনা করতে পারবেন। দ্বিতীয় আবেদনের আদেশে বলা হয়, সংসদ অধিবেশনে যোগদানের অনুমতি চেয়ে সাকা চৌধুরীর আবেদন সঠিকভাবে করা হয়নি এবং এ বিষয়ে কোনো আদেশ দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। তৃতীয় একটি আবেদনের আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল এজলাস কক্ষে আইনজীবী ও দর্শনার্থী প্রবেশ আইন ও বিধি অনুসারে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর সাকা চৌধুরী তাঁর মামলার কার্যক্রম স্থগিত করার আবেদনের শুনানি নিজেই শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই আবেদনের শুনানি শেষ হয়। আর অপরাধ আমলে নিয়ে দেওয়া আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদনের ওপর বিকেল চারটার দিকে শুনানি শেষ হয়।