সাকার পক্ষে আইনজীবী নিয়োগ, আবেদনের আদেশ ১৯ ডিসেম্বর
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর করা ছয়টি আবেদনের বিষয়ে ১৯ ডিসেম্বর আদেশ দেওয়া হবে। আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আজ সাকা চৌধুরীর করা ছয়টি আবেদনের শুনানি শেষ হয়। তিনি আন্তর্জাতিক আইন অনুসারে মানবতাবিরোধী অপরাধ সংজ্ঞায়িত করা, বিচারকাজ সরাসরি প্রচারের জন্য ইলেকট্রনিক মিডিয়াকে এজলাস কক্ষে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া, বিদেশি আইনজীবী নিয়োগ, সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করা, বিচারকাজে আন্তর্জাতিক সনদ মেনে চলা এবং আসামি পক্ষের প্রস্তুতির জন্য ১১ মাস সময় চেয়ে মোট ছয়টি আবেদন করেন।ট্রাইব্যুনাল ১৯ ডিসেম্বর আবেদনগুলোর বিষয়ে আদেশের দিন ধার্য করে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করেননি। তিনি নিজেই লড়ছেন। তার পরও আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ অনুসারে একজন আইনজীবী রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হলো। ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের আইনজীবী বদিউজ্জামানকে তাঁর আইনজীবী হিসেবে নিয়োগ দিয়ে আদেশে বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র আজকের মধ্যে রেজিস্ট্রারের কার্যালয় থেকে তাঁর আইনজীবী বদিউজ্জামানের কাছে সরবরাহ করতে হবে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।