সাকার পরিবারসহ বিএনপির ১১ নেতার বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী, ছেলেমেয়ে, ভাই ও বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের ১২ থানায় ১২টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা জনৈক আবু তাহেরউদ্দিন তাঁর ওপর হামলার আশঙ্কা প্রকাশ করে গতকাল শনিবার রাতে নগরের ১২ থানায় এসব জিডি করেন।জিডিতে আবু তাহেরউদ্দিনের অভিযোগ করেন, ‘২৬ এপ্রিল রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে করা মামলার শুনানির দিন ধার্য আছে। ওই দিন চট্টগ্রাম আদালত ভবন চত্বরে আমার ওপর সাকার অনুগত লোকজন হামলা করতে পারেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের দিন ধার্য আছে। এ অবস্থায় সাকার ক্যাডাররা চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।’পুলিশ সূত্র জানায়, সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরী, ভাই গিয়াস কাদের চৌধুরী, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির ১১ জনের বিরুদ্ধে এসব জিডি করা হয়।উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ফটিকছড়িতে বিএনপির এক কর্মসূচিতে সাকা চৌধুরী বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদগার এবং ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন। এ কারণে তাহেরউদ্দিন ২০০৯ সালের ৩ ডিসেম্বর সাকার বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন।জিডি প্রসঙ্গে আবু তাহেরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত ১৯ জানুয়ারি সাকার মামলার শুনানির দিন তাঁর অনুগত ক্যাডাররা আমার ওপর হামলা চালায়। এ ঘটনায় ওই দিন আমি কোতোয়ালি থানায় জিডি করি। ২৬ এপ্রিল আবার শুনানির দিন ধার্য আছে। ওই দিন আমি আদালতে যাব। সাকার ক্যাডাররাও আদালত চত্বরে জড়ো হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই আশঙ্কায় আমি নিজের নিরাপত্তা ও প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্বিঘ্ন করতে ১২ থানায় জিডি করেছি।’