সাকার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ১৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই প্রতিবেদন জমা দেন আইনজীবী জেয়াদ আল মালুম। ট্রাইব্যুনাল আগামী ১৪ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করেছেন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য জেয়াদ এক মাস সময় চেয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল ওই আদেশ দিয়ে এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন। সকালে শুনানিতে অংশ নিয়ে জেয়াদ বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। গতকাল সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে ১১৯ পৃষ্ঠার মূল প্রতিবেদন জমা দেন। এর সঙ্গে ভিডিও, অডিও এবং আট হাজার পৃষ্ঠার তথ্য-উপাত্ত জমা দেওয়া হয়। ট্রাইব্যুনাল আইনের ৯(১) ধারায় ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) তুলে ধরতে হবে। ফরমাল চার্জ যথাসময়ে আনতে পারব বলে আশা করি।’ তদন্ত প্রতিবেদন দাখিলে নির্ধারিত সময়ের চেয়ে এক সেকেন্ডও বেশি সময় নেওয়া হয়নি উল্লেখ করেন তিনি।১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়ে জেয়াদ ফরমাল চার্জ না হওয়া পর্যন্ত সালাউদ্দিন কাদেরের আটকাদেশ অব্যাহত রাখার আরজি জানান। তিনি বলেন, মোট সাক্ষীর সংখ্যা ১৪৬। এ ছাড়া চট্টগ্রাম ও রাউজানে তদন্ত সংস্থা সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা পেয়েছেন। পরে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তের বিষয়ে জানাতে গত রোববার বেলা তিনটায় তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে সাংবাদিকদের ডাকা হয়। এ সময় তদন্ত সংস্থা জানিয়েছিল, প্রায় এক বছর তিন মাস তদন্ত শেষে সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, তদন্তে সাকা চৌধুরীর বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২)-এর এ, সি ও জি ধারায় ৩২টি ঘটনার অভিযোগ আনা হয়েছে।