সাকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেন। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এই ট্রাইব্যুনাল গত ১ আগস্ট সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন।জেয়াদ আল মালুম শুনানিতে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৪ অক্টোবর দিন ধার্য ছিল। গত সোমবার সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন। এর সঙ্গে ভিডিও, অডিও এবং আট হাজার পৃষ্ঠার তথ্য-উপাত্ত জমা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ট্রাইব্যুনাল আইনের ৯(১) ধারায় আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে আসা হবে। এ জন্য এক মাস সময় প্রয়োজন।ট্রাইব্যুনাল জানতে চান, এক মাসের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারবেন কি না। জবাবে জেয়াদ আল মালুম বলেন, ‘এক দিনও বেশি সময় নেব না। কম্বোডিয়া ও সিয়েরা লিওনে যুদ্ধাপরাধের বিচারে দেখা গেছে, তিন বছরের আগে কোনো আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়নি। চট্টগ্রাম শহর ও রাউজানে তদন্ত সংস্থা সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে গণহত্যাসহ ৩২টি মানবতাবিরোধী অপরাধের সম্পৃক্ততা পেয়েছে। মোট সাক্ষীর সংখ্যা ১৪৬। ১১টার দিকে ট্রাইব্যুনাল আদেশ দেন।রাষ্ট্রপক্ষে প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু, আইনজীবী রানা দাশগুপ্ত, মোখলেছুর রহমান, ফজিলাতুনেচ্ছা প্রমুখ উপস্থিত ছিলেন।জেয়াদ আল মালুম পরে প্রথম আলোকে বলেন, ‘আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদন ও নথিপত্র পর্যালোচনা করে আমরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করব।’