বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফটিকছড়ি থানায় মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বাদী হয়ে ২১ ডিসেম্বর মামলাটি করেন।থানা সূত্র জানায়, মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের ২০ নভেম্বর ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাকা চৌধুরী বলেছেন, ‘১৫ আগস্ট জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৫ আগস্ট না হলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেত না, একদলীয় শাসনব্যবস্থার অবসান হতো না। প্রয়োজনে ১৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শেখ মুজিব হত্যার রায় জাতি মেনে নেয়নি।’ তাঁর এই বক্তব্য শেখ মুজিবুর রহমানের হত্যাকারীসহ যেকোনো হত্যাকারীকে অতি উৎসাহিত করেছে।মামলা করার বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি প্রথম আলোকে বলেন, গত বছরের ৩ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বাদুরতলা শুলকবহরের বাসিন্দা মো. আবু তাহের উদ্দিন ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে সাকা চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক)/৫০৫ ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ওই মামলা পুনরায় (উজ্জীবিত করে) দায়ের করা হয়েছে।ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করেছি।’সাকা চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক বলেন, ‘মামলা হওয়ার কথা এখনো শুনিনি। মামলা হয়ে থাকলে তা হবে উদ্দেশ্যমূলক। তিনি কারাগারে থাকায় অনেকে তাঁর বিরুদ্ধে মামলা করবে, এটাই স্বাভাবিক।’নির্যাতনের অভিযোগ তদন্তের আহ্বান অ্যামনেস্টিরএদিকে পুলিশের হেফাজতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন করা হয়েছে—এমন অভিযোগের তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার-বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বুধবার সংগঠনের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার ও সংবাদমাধ্যম সূত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানতে পেরেছে, পুলিশের হেফাজতে থাকার সময় তাঁকে শারীরিক নির্যাতন করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তাঁর ওপর এ ধরনের নির্যাতন আরও চালানো হতে পারে।বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার গবেষক আব্বাস ফায়েজ বলেন, ‘বাংলাদেশ সরকারকে অবশ্যই সালাউদ্দিন কাদের চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্যাতনের এই গুরুতর অভিযোগের তদন্তও নিশ্চিত করতে হবে।’ বিবৃতিতে সাকা চৌধুরীকে অসুস্থ দাবি করে তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করারও আহ্বান জানানো হয়।১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।