সাকার বিরুদ্ধে ২৪টি অভিযোগ ৯টি গণহত্যার
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের ২৪টি অভিযোগের মধ্যে নয়টিই গণহত্যার ও এতে সহযোগিতার। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, ৫৪ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারা অনুসারে মানবতার বিরুদ্ধে অপরাধ (হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ), গণহত্যা এবং এ ধরনের অপরাধে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনায় দেখা যায়, সাকা চৌধুরীর বিরুদ্ধে যে নয়টি গণহত্যা ও এতে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রামের শাকপুরা, ঊনসত্তরপাড়া, জগৎমল্লপাড়া, মধ্য গহিরা, গহিরা, বিশ্বাসপাড়া, বণিকপাড়া, শহরের মুনিরনগরের ঘাসি মাঝির পাড়, রহমতগঞ্জের গুডস হিল।আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, ১৯৭১ সালের ২০ এপ্রিল সাকা চৌধুরী ও তাঁর বাবা মৃত ফজলুল কাদের চৌধুরীর নির্দেশে তাঁদের অনুসারী রাজাকার খয়রাতি, জহির, জসিম ও পাকিস্তানি সেনারা বোয়ালখালী থানার শাকপুরা গ্রামের লোকজনকে দারোগার মাঠে নিয়ে যায়। সেখানে সাকা চৌধুরীর নির্দেশে ফয়েজ আহমেদ, জালাল আহমদসহ ৭৬ জনকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। এ ঘটনার দুজন সাক্ষী রয়েছেন।অভিযোগ অনুসারে, ১৩ এপ্রিল বিকেলে সাকা চৌধুরী কয়েকজন অনুসারী ও পাকিস্তানি সেনাদের নিয়ে হিন্দু অধ্যুষিত রাউজান থানার ঊনসত্তরপাড়া গ্রামে অভিযান চালান। হিন্দুদের স্থানীয় ক্ষিতিশ মহাজনের বাড়ির পেছনের পুকুরপাড়ে শান্তিসভার কথা বলে একসঙ্গে বসানো হয়। পরে সাকা চৌধুরীর উপস্থিতিতে পাকিস্তানি সেনারা গুলি করে ৬০-৭০ জনকে হত্যা করে। এ ঘটনার ২১ জন সাক্ষী রয়েছেন।একই দিন সকালে সাকা চৌধুরীসহ কয়েকজন ও পাকিস্তানি সেনারা রাউজানের জগৎমল্লপাড়ায় পূর্বপরিকল্পিত অভিযান চালায়। সেখানে শান্তিসভার কথা বলে লোকজনকে কিরণ বিকাশ চৌধুরীর বাড়ির আঙিনায় বসানোর পর পাকিস্তানি সেনারা গুলি করে। এ ঘটনায় নিহত ৩২ জনের নাম অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় ১৪ জন সাক্ষী রয়েছেন।১৩ এপ্রিল সকাল সাড়ে ছয়টা-সাতটার দিকে সাকা চৌধুরীর নেতৃত্বে ও সহযোগিতায় পাকিস্তানি সেনারা রাউজানের মধ্য গহিরার হিন্দু পাড়ায় লোকজনকে ধরে এনে স্থানীয় চিকিৎসক মাখন লাল শর্মার বাড়ির উঠানে জড়ো করে। সাকা চৌধুরীর উপস্থিতিতে পাকিস্তানি সেনারা সেখানে হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যায়। এ ঘটনার সাক্ষী ছয়জন।আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, একই দিন সকাল নয়টার দিকে সাকা চৌধুরী ও তাঁর বাবার অনুসারীরা রাউজানের গহিরার বিশ্বাসপাড়ার দয়ালহরি, মহেশ মহাজন ও মনিন্দ্র বড়ুয়াকে গুলি করে হত্যা করে। এ ঘটনার সাক্ষী আটজন। ১৩ এপ্রিলেই গহিরার শ্রী কুণ্ডেশ্বরী নামের ঔষধালয়ের প্রতিষ্ঠাতা অখিলচন্দ্র সিংহের ছেলে নতুনচন্দ্র সিংহকে কুণ্ডেশ্বরী ভবনের মন্দিরে পাকিস্তানি সেনারা গুলি করে সাকা চৌধুরীর উপস্থিতিতে ও তাঁর কথায়। পরে আহত নতুনচন্দ্রকে সাকা চৌধুরী গুলি করে মৃত্যু নিশ্চিত করেন।‘গুডস হিল’ ছিল নির্যাতন কেন্দ্র: আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনায় দেখা যায়, মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রাম শহরের রহমতগঞ্জে সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি ‘গুডস হিল’কে নির্যাতন কেন্দ্রে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ আনা হয়েছে। এ বাড়িতে নির্যাতনের ১২টি অভিযোগ আনা হয়েছে।অভিযোগ অনুসারে, ১৯৭১ সালের ৪ বা ৫ এপ্রিল সাকা চৌধুরীর অনুসারী আবদুস সোবহান রাত নয়টার দিকে রাউজানের আধারমানিক গ্রামের অরবিন্দ সরকার, মতিলাল চৌধুরী, অরুণ চৌধুরী, শান্তি কুসুম চৌধুরী, যোগেশ চন্দ্র দে ও পরিতোষ দাশকে গুডস হিল নির্যাতন কেন্দ্রে নিয়ে যায়। পরে সাকা চৌধুরী পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় তাঁদের নির্যাতনের মাধ্যমে হত্যা করেন। এই অভিযোগের ছয়জন সাক্ষী রয়েছেন।১৫ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে একদিন ভোরে মো. সালেহ উদ্দিনকে (বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য) আটক করে গুডস হিলে নিয়ে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। মে মাসের মাঝামাঝি শেখ মায়মুন আলী চৌধুরীকে, ৫ জুলাই সন্ধ্যায় হাজারী লেন থেকে নিজামউদ্দিন আহমেদ, সৈয়দ ওয়াহিদুল আলম ও সিরাজকে গুডস হিলে নিয়ে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর অভিযোগেও গুডস হিলে নিয়ে লোকজনকে নির্যাতনের অভিযোগ রয়েছে।