সাকার মতে ইসলামি দল নিষিদ্ধ করায় দুশ্চিন্তার কিছু নেই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) বলেছেন, জিয়াউর রহমান সংবিধান সংশোধন করার সময় একটি বিষয় সংযোজন করে গেছেন। তাই যারা সংবিধান সংশোধন করতে চায়, তারা বিষয়টি দেখুক। এর পরই সব খোলাসা হবে। দেশ থেকে ইসলামি দল নিষিদ্ধ করা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান একটি রেফারেন্ডাম করেই সংবিধান সংশোধন করেছেন। তাই ইসলামি দল নিষিদ্ধ করা এত সোজা নয়। সময় এলেই দেখা যাবে।’আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ‘কূটনীতিকদের নিরাপত্তা বিধানে কি সরকার ব্যর্থ?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাকা চৌধুরী এসব কথা বলেন।সাকা চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের সেরা সাফল্য হিসেবে দেশ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহারকে উল্লেখ করে বলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাচ্ছেন। তাই তাঁর প্রতি প্রত্যাশাও অনেক বেশি। সবারই প্রত্যাশা, তিনি টিপাইমুখ বাঁধ বন্ধ করে দেশে ফিরবেন। তিনি ভারতে এ দেশীয় পণ্যের প্রবেশ বাধামুক্ত করে এবং দেশের নদ-নদীগুলোর ন্যায্য হিস্যা নিয়ে দেশে ফিরে আসবেন।ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেনের সভাপতিত্বে এতে বিএনপির সহসভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।