একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আজ মঙ্গলবার ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত সংস্থার সমন্বয়কারী কর্মকর্তা আবদুল আনাম খান সাংবাদিকদের জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সাকা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে তা কোন ধরনের প্রমাণ, তা তিনি বলেননি।আবদুল আনাম খান বলেন, সাকা তদন্ত সংস্থার সঙ্গে স্বভাবসুলভ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি আরও বলেন, সাকা অনেক বেশি কথা বলেন। তাই তাঁর কথার মধ্য দিয়ে অনেক তথ্য বেরিয়ে পড়েছে।আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে ধানমন্ডির সেফ হোম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কাশিমপুরে পাঠানো হবে।এর আগে সকাল নয়টা ১০ মিনিটে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ধানমন্ডির সেফ হোমে নেওয়া হয়। প্রিজন ভ্যানে ওঠার সময় সাকা চৌধুরী বলেন, ‘১৬/২ ধারায় চাপ প্রয়োগ করে আমাকে দিয়ে কোনো কথা বলাতে পারবে না।’গতকাল বেলা তিনটার দিকে সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।ধানমন্ডির ১৬ নম্বর সড়কের (পুরাতন ২৭ নম্বর) ২০/এ বাড়িতে (সেফ হোম) তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সাকা চৌধুরীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।এর আগে ৫ মে একই অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং ৮ মে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।