বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির দাবিতে আজ রোববার চট্টগ্রাম জেলায় পূর্ণদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। পুলিশের বাধার মুখে বিএনপির নেতা-কর্মীরা গতকাল শনিবার নগরে কোনো সমাবেশ করতে পারেননি। নগরের বিভিন্ন স্থানে সাকার সমর্থনে মিছিল ও বৈঠক করার সময় গতকাল এবং এর আগের দিন ২১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে একজন আইনজীবীসহ ছয়জন জামিন পান। পুলিশ সূত্র জানায়, আটক হওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন নগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমান, সাকার মালিকানাধীন কিউসি শিপিংয়ের কর্মকর্তা মোহাম্মদ রাশেদ, ওমর আনসারী ও মোহাম্মদ মহসিন, চন্দনাইশ বিএনপির একাংশের নেতা এম এ হাশেম, আইনজীবী আফাজুর রহমান প্রমুখ। তাঁদের মধ্যে অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবে সাকার কট্টর অনুসারী।সূত্র জানায়, রাশেদ, ওমর আনসারী ও মহসিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। কাল সোমবার এ বিষয়ে শুনানি হবে। গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা এলাকায় এর আগে গাড়ি ভাঙচুরের মামলায় তাঁদের আসামি দেখানো হয়। রাশেদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ‘নৈরাজ্যমূলক’ কর্মকাণ্ডের জন্য সাকার অনুসারীদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ আনা হয়েছে।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, নাজিমুর রহমানসহ ছয়জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিজিএস কলোনির একটি বাসায় শুক্রবার বিকেলে গোপন বৈঠককালে নাজিমুরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে বহদ্দারহাট মোড়ে এম এ হাশেম ও আইনজীবী আফাজুর রহমানসহ সাকার কয়েকজন অনুসারী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় তাঁদের মহানগর আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। মহানগর হাকিম গ্রেপ্তারের দুই ঘণ্টার মধ্যে তাঁদের জামিন মঞ্জুর করেন।সংরক্ষিত নারী কাউন্সিলর ও বিএনপির নেত্রী মনোয়ারা বেগম গতকাল সন্ধ্যায় নাসিমন ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে পরে ছেড়ে দেয়। এর আগে বিকেলে জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে নাসিমন ভবনের দলের কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করে। সাকার বাবার বাড়ি ‘গুডস হিল’ থেকে গ্রেপ্তার করা হয় আইন কলেজ ছাত্রদলের এক নেতাকে। এ ছাড়া গতকাল দুপুরে শুলকবহর থেকে সাকার আরেক অনুসারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হরতালের সময় বৃদ্ধি: সাকা চৌধুরীর মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে নাসিমন ভবনের এক সমাবেশ থেকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথমে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেন। আজ রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ঘোষণা ছিল। সাকার অনুসারীদের চাপ ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে বৃহস্পতিবার রাতে হরতালের সময় বাড়িয়ে বেলা দুইটার পরিবর্তে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ণদিবস করা হয়। এদিকে সাকা চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের (হুকা) চৌধুরী হরতালের প্রস্তুতিমূলক সমাবেশে যোগ দিতে গতকাল চট্টগ্রামে আসেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনি গুডস হিলের বাড়িতে ছিলেন। পুলিশের কড়া মনোভাবের কারণে তিনি নাসিমন ভবনে যেতে পারেননি।সন্ধ্যায় গুডস হিলের বাসায় সংবাদ সম্মেলন ডেকে হুম্মাম চৌধুরী বলেন, ‘আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এবং তার পরিবারের অন্যদের গ্রেপ্তার করা হবে কি না, সেটা নিয়েও আমরা উদ্বিগ্ন।’মিছিল করলেই গ্রেপ্তার: যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত সাকার মুক্তির দাবিতে কেউ মিছিল-সমাবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উচ্চপর্যায়ের কড়া মনোভাবের কারণে পুলিশ এ অবস্থান নিয়েছে। ইতিমধ্যে পুলিশ সাকা অনুসারীদের একটি তালিকা তৈরি করে তাঁদের ধরতে শুরু করেছে। নগর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের পক্ষে মিছিল-সমাবেশ মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে।’