তুলনাটা হয়তো বালখিল্য হয়ে যাবে। তার পরও সেই ঝুঁকিটুকু নিয়ে বলাই যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিভিএস লক্ষ্মণ যেমন, নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান। প্রায় একই সময়ে পন্টিং যখন বলছেন লক্ষ্মণ সম্পর্কে তাঁর ভীতির কথা, তাসমান-প্রতিবেশী দেশটির অধিনায়ক ভেট্টোরিও মুগ্ধতা ছড়ানো সমীহের দৃষ্টিতে তাকালেন সাকিবের দিকে। নিজের সেরাটা যে তিনি তুলে রাখেন নিউজিল্যান্ডকে ঘায়েল করতেই। টেস্টের একমাত্র সেঞ্চুরিটি নিউজিল্যান্ডের বিপক্ষে, ৫ ফিফটির দুটোও। টেস্টের সেরা বোলিংটিও। ওয়ানডেতেও তাঁর সেরা দুই বোলিং ফিগার নিউজিল্যান্ডের বিপক্ষেই। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সেরা অলরাউন্ড পারফরম্যান্সের রেকর্ড গড়লেন। ব্যাট হাতে ফিফটি আর বল হাতে ৪ উইকেট এল এমন এক দিনে, যেদিন আবারও নিয়মিত অধিনায়ককে হারিয়ে ফেলেছিল দল। অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়া নেতৃত্ব কাঁধে বয়ে দলকে তিনি পৌঁছে দিলেন জয়ের বন্দরে। লক্ষ্মণের চেয়ে একটু কি এগিয়েও গেলেন!