সাকিব একা আর কত করবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান তো পারলেন না!দল এবং পুরো দেশ যখন তাঁর ব্যাটের দিকে তাকিয়ে, আউট হয়ে গেলেন মাত্র ৬ রানেই। অফ স্টাম্পের বাইরের বল আড়াআড়ি ব্যাটে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলতে খুব পছন্দ করেন। প্রথম ইনিংসে সেঞ্চুরিটাও এসেছিল এই শটেই। কাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসেও তা করতে গিয়েই গালিতে ক্যাচ!পাকিস্তানিদের উদ্যাপনটা হলো দেখার মতো। ক্রিকেটে ফুটবল স্টাইলে উদ্যাপন! আনন্দের আতিশয্যে কে যেন ইউনুস খানকে ধাক্কা দিয়ে ফেলেই দিলেন।সাকিব আল হাসান পারলেন না! পারলেন না, কারণ তিনিও রক্তমাংসের মানুষ। ভিনগ্রহ থেকে আসা অতিমানবীয় কেউ নন। প্রথম চার দিনের বারো সেশনেই কখনো না কখনো মাঠে ছিলেন। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ১৪৪ করেছেন। এর পর ৪০.৫ ওভার বোলিং করে ৮২ রানে ৬ উইকেট। পাকিস্তানের প্রথম ইনিংস শেষ করে দেওয়ার ঘণ্টা দেড়েক পরই আবার নামতে হয়েছে ব্যাটিংয়ে। এবারও বড় কিছু করে ফেলতেই পারতেন। তবে তাতে তাঁকে অতিমানবীয় বলে ভুল করাটা খুবই স্বাভাবিক হতো।পাকিস্তানিদের যে উদ্যাপনের কথা বলা হলো, সেটি আরও ভালো করে বুঝিয়ে দিল এই টেস্ট ম্যাচের অন্য নাম—‘পাকিস্তান বনাম সাকিব আল হাসান!’ এই অসম লড়াইয়ের ফল অননুমেয় কিছু নয়। ফলাফল অমীমাংসিত থাকাটাও এখানে বাংলাদেশের জয়। সেটিও সম্ভবত হচ্ছে না। হাতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশ এখনো ১৮ রানে পিছিয়ে। অতীত অভিজ্ঞতা বলছে, আজ পঞ্চম দিন লাঞ্চের পর খেলা গড়ালে সেটিই হবে ব্যতিক্রমী ঘটনা।আগের দিনের ৩ উইকেটে ২৯২-কে ৪৭০ বানিয়ে অলআউট হয়েছে পাকিস্তান। ঐতিহ্যবাহী টেস্ট ব্যাটিংয়ের প্রদর্শনীতেও এটি সম্ভব হতো না, যদি বাংলাদেশের ফিল্ডারদের হাত এমন পিচ্ছিল হয়ে দেখা না দিত! দিনের দ্বিতীয় ওভারেই ইউনুস খানকে ফেরানো, প্রথম ৭ ওভারে মাত্র ৩ রান দেওয়া—সবই মিথ্যা হয়ে গেল ওই অবিশ্বাস্য ক্যাচিং ব্যর্থতায়। আগের দিন তিনটি ক্যাচ পড়েছিল, নিয়ম মেনে কালও পড়ল তিনটি। তার পরও একটা অর্জন ঠিকই হলো। নিজেদের মাটিতে চতুর্থ টেস্টে এসে প্রথমবারের মতো পাকিস্তানকে অলআউট করতে সক্ষম হলো বাংলাদেশ।সেটির মূলেও সাকিব। ষষ্ঠ উইকেটটি নিয়ে পাকিস্তানের ইনিংস যখন শেষ করে দিলেন, ওই স্পেলের ২৩তম ওভার করছেন বাঁহাতি স্পিনার। সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেট—এই যুগলবন্দী এর আগে বেশ কবার ধরা দিতে দিতেও হারিয়ে গেছে। সবচেয়ে কাছাকাছি এসেছিলেন ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে। গ্রেনেডাতে ইনিংসে ৫ এবং ম্যাচে ৮ উইকেট নেওয়ার পর সেঞ্চুরি পাননি মাত্র চার রানের জন্য। সাকিবের তাতে একটুও আক্ষেপ ছিল না। ছক্কা মেরে দলকে টেস্ট এবং সিরিজ জিতিয়ে দেওয়ার কাছে ওই ‘তুচ্ছ’ ব্যক্তিগত অর্জন থেকে বঞ্চিত হওয়ার এমন কী মূল্য!গৃহিণীদের ক্ষেত্রে ‘যে রাঁধতে জানে, সে চুলও বাঁধতে জানে’ এমন বিরলপ্রজ কিছু নয়। তবে ক্রিকেটে ‘রান্না’ (পড়ুন ব্যাটিং) ও ‘চুল বাঁধা’র (পড়ুন বোলিং) দুটি কাজই সমান পারঙ্গমতার সঙ্গে করতে পারারা বিরল প্রজাতিভুক্ত। একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট সেই অলরাউন্ড সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ। সেই প্রমাণ সবচেয়ে বেশিবার দিয়েছেন ইয়ান বোথাম। ইংলিশ অলরাউন্ডারের সেঞ্চুরি ও ৫ উইকেটের যুগলবন্দী আছে পাঁচবার। গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ ও জ্যাক ক্যালিসের দুবার করে। সাকিবের অর্জনটা কত বড়—এটা বোঝাতে একটি তথ্যই যথেষ্ট। টেস্ট ক্রিকেট এর আগে মাত্র ২৭ বার দেখেছে এই কীর্তি।কীর্তি ২৭ বার, তবে কীর্তিমানের সংখ্যা ২০। সাকিব এই অভিজাত ক্লাবের মাত্র ২১তম সদস্য। বাংলাদেশের ক্রিকেটে নতুন নতুন অধ্যায় যোগ করে যাচ্ছেন এই তরুণ। ক্রিকেট ইতিহাসের খুব মনোযোগী ছাত্র বলা যাবে না। নইলে পরবর্তী অর্জনের একটা রূপরেখা এখনই এঁকে নিতে পারতেন মনে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের পুরোটা পেলে এখানেই হয়তো সেটি হয়ে যেত। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেলেই তো ইয়ান বোথাম ও ইমরান খানের পাশে স্থান হয়ে যেত সাকিবের।অলরাউন্ডারদের ভুবনে ওই দুজন আলাদা একটা সাম্রাজ্যের অধীশ্বর। একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট যে আর কারও নেই। বছর তিনেক আগে-পরে বোথাম-ইমরানের ওই অসাধারণ অর্জন। ১৯৮০ সালে টেস্ট ক্রিকেটে ভারতের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মুম্বাই টেস্টটি ইতিহাসে পরিচিত ‘বোথামের টেস্ট’ নামে। ব্যাটিংয়ে ১১৪ রানের সঙ্গে ১৩ উইকেট নিয়ে একাই ভারতকে হারিয়ে দিয়েছিলেন ‘গাই দ্য গরিলা’ (নামটি বোথামের ‘চিরশত্রু’ জিওফ বয়কটের দেওয়া!)।ইমরানের কীর্তিতেও প্রতিপক্ষ একই। ১৯৮৩ সালের জানুয়ারিতে ফয়সালাবাদে ১১৭ রানের ইনিংসের সঙ্গে ১১ উইকেট। ছয় টেস্টের ওই সিরিজে ৪০ উইকেট নিয়েছিলেন ইমরান। ওই সিরিজের পর পায়ে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দুই বছর বোলিং করতে না পারার দুর্ভাগ্যের শিকার না হলে ল্যান্স গিবসের রেকর্ডটা হয়তো রিচার্ড হ্যাডলির পরিবর্তে ইমরানই ভাঙতেন।এই টেস্টের যে অবস্থা, তাতে ক্রিকেট ইতিহাস আর পরিসংখ্যানের এই কচকচানি অসহ্য লাগতে পারে সাকিবের কাছে। সেঞ্চুরি আর ইনিংসে ৫ উইকেটের কীর্তিটাই তো উপভোগ করতে পারছেন না ড্র-সম্ভব ম্যাচে প্রায় নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে থাকায়।কপালও বাংলাদেশের! এমনিতেই পারে না, তার ওপর আম্পায়াররাও দাঁড়িয়ে যান প্রতিপক্ষ হয়ে। প্রথম ইনিংসে পরপর দুই বলে সাকিব ও মুশফিকুরের বিদায় ধসিয়ে দিয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসেও পরপর দুই বলে উইকেট এবং দুটি সিদ্ধান্তই প্রশ্নবিদ্ধ। অনেক দিন পর তামিমের রূপে দেখা দেওয়া তামিমকে কট বিহাইন্ড দিয়ে দিলেন বিলি ডকট্রোভ। অথচ তামিমের প্রতিক্রিয়ার মতো টিভি রিপ্লেও পরিষ্কার জানিয়ে দিল, গুলের বাউন্সারে হুক করতে যাওয়া তামিমের ব্যাটের ধারেকাছেও ছিল না বল। পরের বলে শাহরিয়ার নাফীস এলবিডব্লু! বলটা স্টাম্পের ওপর দিয়ে চলে যেত কি না—এই প্রশ্ন নিয়েই ফিরলেন প্রথম ইনিংসের ‘ট্র্যাজিক হিরো।’ইউডিআরএস অনেক ব্যয়বহুল। কিন্তু অন্য কিছু বাদ দিয়ে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটির ব্যবস্থা করাটা খুব জরুরি হয়ে পড়েছে। ইউডিআরএস থাকলে বাংলাদেশের প্রথম দুটি উইকেট পড়ে না। অসাধারণ এক কীর্তি গড়েও মুখ গোমড়া করে রাখার দুর্ভাগ্য হয় না সাকিব আল হাসানের!চতুর্থ দিনের শেষেবাংলাদেশ: ৩৩৮ ও ১১৪/৫পাকিস্তান ১ম ইনিংস: ৪৭০