সাকিবহীন বাংলাদেশের কঠিন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে যাওয়ার পথে ড্যারেন স্যামি উইকেটের দিকে একবার তাকিয়েই মাঠের বাঁ দিকে দৃষ্টি ছড়িয়ে দিলেন। স্বগতোক্তির মতো করে বললেন, ‘এদিকের বাউন্ডারিটা তো বেশ ছোট।’সংবাদ সম্মেলন শেষ করে শরীর গরম করায় ব্যস্ত দলের সঙ্গে যোগ দিয়ে কী বললেন, সেটি অনুমান করা গেল মাঠের ওই হ্রস্বতম সীমানার দিকে গেইল-স্যামুয়েলস-পোলার্ডদের লোভাতুর দৃষ্টি দেখে।ওই তিনজনের অবশ্য সীমানা বড়-ছোটতে খুব একটা আসে-যায় না। গ্যালারিতে বল পাঠালে যদি ছয়ের বদলে বারো হতো, নির্ঘাত দর্শকদের তাঁরা ব্যতিব্যস্ত করে রাখতেন। ওই তিনজন একটু এগিয়ে, তবে ওয়েস্ট ইন্ডিজ দলে এমন ‘পাওয়ার হিটার’ আরও অনেক আছেন।এই ‘পাওয়ার হিটার’ শব্দবন্ধ ক্রিকেটে নতুন সংযোজন। বলতে পারেন, টি-টোয়েন্টি যুগের উপহার। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে কথাটা খুব উড়ে বেড়াল। দুই অধিনায়কের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এল। মুশফিকুর রহিম সাংবাদিকদের লেখার জন্য ভালো একটা লাইন দিলেন, ‘এটা হবে ওদের শক্তির সঙ্গে আমাদের স্কিলের লড়াই।’সমস্যা হলো, শারীরিক শক্তির ব্যাপারটাতে ওয়েস্ট ইন্ডিজের প্রায় একক অধিকার থাকতে পারে, কিন্তু স্কিলের ব্যাপারটা বাংলাদেশের একার সম্পত্তি নয়। ওই বস্তুটা ওয়েস্ট ইন্ডিয়ানদেরও কিছুটা আছে। দুটি মিলে যা দাঁড়ায়, তা কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলের স্বীকৃতি দিয়ে ফেলতে বাধ্য করছে মুশফিকুরকে। স্যামিও অনেক কথার মধ্যে একটা হুমকি ছুড়ে দিয়ে গেলেন, ‘পুরো সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা খুব বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা রাখি।’আরও বিধ্বংসী হওয়ার সুযোগ করে দিচ্ছে ওয়ানডের নতুন নিয়ম। যে নিয়ম অনুযায়ী, ম্যাচের ৫০ ওভারই বলতে গেলে পাওয়ার প্লে! শুরুতে ১০ ওভারের বাধ্যতামূলক পাওয়ার প্লেতে দুজন ফিল্ডার ৩০ গজি বৃত্তের বাইরে থাকতে পারবেন। ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারে সর্বোচ্চ তিনজন। বাকি ৩৫ ওভারে বাউন্ডারি ঠেকাতে চারজনের বেশি পাওয়া যাবে না।সব দলের জন্যই এক নিয়ম। তবে বাংলাদেশের স্পিননির্ভরতা আর ওয়েস্ট ইন্ডিজ দলে পাওয়ার হিটারের ছড়াছড়ি মিলিয়ে নিয়মটা দুই দলে পুরো বিপরীত দুই অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। ‘আতঙ্ক’ বললে বাড়াবাড়ি শোনাতে পারে। তবে বাংলাদেশ দল ও দলসংশ্লিষ্টদের আচ্ছন্ন করে রাখা অনুভূতিটা বোঝাতে এটাই যে সবচেয়ে কাছাকাছি হয়!এসব সময়ে সাহস পেতে অতীতের সুখস্মৃতির শরণ নেওয়াটা খুব কাজে লাগে। তা খুঁজে পেতে অবশ্য একটুও সমস্যা হচ্ছে না। সর্বশেষ ওয়ানডে খেলা সেই এশিয়া কাপে, বাংলাদেশের ক্রিকেটে যা রূপকথা হয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেটিও তো মনে প্রশান্তি ছড়িয়ে দেওয়ার মতো। চট্টগ্রামে ওদের ৬১ রানে অলআউট করে দিয়ে ৮ উইকেটে জয়!কিন্তু এশিয়া কাপ বলুন বা চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ ধ্বংস—সেই স্মৃতি যে একই সঙ্গে আরও বড় করে তুলছে হাহাকারটা। ওই দুই সাফল্যের নায়কই তো এখানে নেই! এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্নযাত্রার সারথি ছিলেন সাকিব আল হাসান, ১৬ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামে ম্যান অব দ্য ম্যাচও তিনিই। আদর্শ অলরাউন্ডারদের ক্ষেত্রে যা হয়, সাকিবকে হারিয়ে একসঙ্গে দুজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। একজন ব্যাটসম্যান নেই, নেই একজন বোলারও। ২০০৮ সালে কিটপ্লাই কাপ ও এশিয়া কাপের ৭টি ম্যাচ বাদ দিলে অভিষেকের পর আর কখনো বাংলাদেশের ম্যাচে দর্শক হয়ে থাকেননি সাকিব। তখনো সাকিব আজকের সাকিব হয়ে ওঠেননি। তার পরও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য এশিয়া কাপে আসেননি জেনে সে সময়ের পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক বলেছিলেন, ‘এটা কোনো কথা হলো! সাকিবের পরীক্ষা দেওয়ার কী দরকার, তোমরা ওকে এমনিতেই সার্টিফিকেটটা দিয়ে দিলে পারতে!’মাঝের সাড়ে চার বছরে সাকিব নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে, তাঁকে হারিয়ে দল সাজাতেই নির্বাচকদের হিমশিম অবস্থা। অভিজ্ঞতায় এগিয়ে থাকা খেলোয়াড়দের ফর্মহীনতার মতো আরও কিছু অনুষঙ্গ যোগ হয়ে আজ বোধ হয় একটা ‘রেকর্ড’ও হয়ে যাচ্ছে। দুই ‘হক’—এনামুল ও মমিনুলের সঙ্গে সোহাগ গাজীর ওয়ানডে অভিষেক নিশ্চিতই। রুবেলের সামান্য চোটের সমস্যার কারণে অভিষেক হয়ে যেতে পারে আবুল হাসানেরও। তা-ই যদি হয়, সেটি হবে বাংলাদেশের টেস্ট যুগে অভূতপূর্ব।টেস্ট যুগে বাংলাদেশের পক্ষে এক ম্যাচে সর্বোচ্চ তিনজনের বেশি খেলোয়াড়ের ওয়ানডে অভিষেক হয়নি কখনো। তিনজনেরও হয়েছে মাত্র তিনবার। চার বা এর বেশি খেলোয়াড়ের এক ম্যাচে অভিষেকের উদাহরণ পেতে ফিরে যেতে হবে ১৭ বছর আগে। যখন বাংলাদেশ ওয়ানডে খেলার জন্য তীর্থের কাকের মতো তাকিয়ে থাকত এশিয়া কাপের দিকে। যেটি কখনো দুই বছর পরে আসত, কখনো পাঁচ বছর পরও।১৯৯৫ শারজা এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে পাঁচ ‘নতুন’ তাই স্বাভাবিক ব্যাপারই ছিল। সেই পাঁচ নতুনের একজন, হাবিবুল বাশার এখন নির্বাচক। কাকতালীয়ই বলতে হবে, প্রধান নির্বাচক আকরাম খানই তখন অধিনায়ক, অন্য নির্বাচক মিনহাজুল আবেদীনও ছিলেন সেই দলে। একসঙ্গে চার নতুনকে নামালে যে একটা ‘রেকর্ড’ হয়ে যাচ্ছে, এটা তাঁরা জানেন বলে মনে হয় না।